বিধানসভা নির্বাচনে আগেই মহারাষ্ট্রে এনডিএ জোট সরকারের পতন ! ছগন ভুজবলের সঙ্গে শারদ পাওয়ারের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
বাংলার জনরব ডেস্ক : নির্বাচনের আগেই মহারাষ্ট্রের সরকার বদল হতে পারে কি ? এই প্রশ্ন লোকসভা নির্বাচনের পর থেকে দেশজুড়ে জল্পনা চলছে! সেই জল্পনা এখন বাস্তবে রূপ নিতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে! অজিত পাওয়ারের নেতৃত্বে এন সি পি দল ভাঙিয়ে বিজেপি জোটে সামিল করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শোনা যায় এক্ষেত্রে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সেই অজিত পাওয়ারের এন সি পি ভাঙতে চলেছে বলে সূত্রের খবর। আর এন সি পি যদি ভেঙ্গে যায় তাহলে মহারাষ্ট্রে এনডিএ জোট সরকার যে পতনের মুখে এসে দাঁড়িয়ে যাবে তা আর বলার অপেক্ষায় রাখে না।সোমবার সেই জল্পনা আরও উস্কে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোটের সরকারের মন্ত্রী ছগন ভুজবল।
শরদের মুম্বইয়ের বাড়ি সিলভার ওকে গিয়ে সোমবার তাঁর সঙ্গে বৈঠক করেন ভুজবল। দুই নেতার বৈঠকে মরাঠা সংরক্ষণের বিষয়টি এসেছে বলেও সূত্রের খবর। যদিও শরদ বা ভুজবল শিবির বৈঠক নিয়ে কিছু বলেননি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মরাঠা সংরক্ষণ বিল পাশ হয়েছিল মহারাষ্ট্র বিধানসভায়। তাতে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে রাজ্যে মরাঠাদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা রয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর নেতা ভুজবল সে সময় প্রকাশ্যে মরাঠা সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। গত ৯ জুলাই বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ী’র তিন দল— কংগ্রেস, উদ্ধবসেনা এবং এনসিপি (শরদ) মরাঠা সংরক্ষণ নিয়ে সরকারের ডাকা বৈঠক বয়কট করেছিল।

একদা শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ ছিলেন ভুজবল। বালাসাহেব তাঁকে মুম্বইয়ের মেয়র করেছিলেন। কিন্তু উদ্ধবের সঙ্গে মতবিরোধের কারণে নব্বইয়ের দশকের গোড়ায় কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে শরদ পওয়ার কংগ্রেস ছেড়ে এনসিপি গড়ার সময় ভুজবলও তার সঙ্গী ছিলেন। এনসিপি পরিষদীয় নেতা হিসাবে কংগ্রেসের সঙ্গে জোট সরকারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। গত বছর জুলাইয়ে ভাইপো অজিত কাকা শরদের দল ভেঙে বিজেপি-শিন্ডেসেনার সঙ্গে হাত মেলানোর সময় থেকেই ভুজবল তাঁর সঙ্গী। আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ভুজবল ফের শরদ শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে।
আগামী অক্টোবর মাস নাগাদ মহারাষ্ট্রে নির্বাচন হওয়ার কথা। এর মাঝেই ছগন ভুজবল যদি মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে আসেন তাহলে মনে করা হচ্ছে একনাথ সিম দিয়ে গোষ্ঠীর এম এল এদের একটা বড় অংশ উদ্ধব ঠাকরের সঙ্গে যোগ দিতে পারেন ফলে এনডিএ জোট সরকারের পতন হয়ে যেতে পারে।।

