“আমি বললে আবার বিস্ফোরণ হবে, কুণাল কী বলেছেন, আমি কিছুই শুনিনি, যদি কিছু শুনি, তখনই বলতে পারব’’ : ফিরহাদ হাকিম
বাংলার জনরব ডেস্ক : একতরফা ভাবে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র ও দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীরা নানাভাবে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেসকে। এমনকি বাম কংগ্রেসের মত দল বলছে এতদিন ধরে আমরা বলে আসছিলাম বিজেপি আর তৃণমূল একই দিদি এবং মোদির সেটিং চলছে। তৃণমূলের প্রাক্তন মুখপাত্রের বক্তব্যে সেটাই প্রমাণিত হচ্ছে বলে বাম কংগ্রেসের দাবি।
এটা ঠিকই যেভাবে কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন তাতে দলের যে ক্ষতি হচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই। রাজনৈতিক সৌজন্যতা তো দূরের কথা যেভাবে আক্রমণ করা হচ্ছে তা নিঃসন্দেহে দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ বিষয়ে পদক্ষেপ করছেন না সেটাই বোধগম্য হচ্ছে না।
আর এ নিয়ে শনিবার কলকাতা পুরসভায় কোন মন্তব্য করতে রাজি হলেন না মেয়র ফিরহাদ হাকিম।শনিবার দুপুরে কলকাতা পুরসভার টক টু মেয়র কর্মসূচিতে ছিলেন ফিরহাদ। ওই কর্মসূচির শেষে কুণাল-সুদীপ বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছু বলব না। আমি বললে আবার বিস্ফোরণ হবে। কুণাল কী বলেছেন, আমি কিছুই শুনিনি। যদি কিছু শুনি, তখনই বলতে পারব।’’

