তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা যাবে না বলে আদালতের দ্বারস্থ হলেন মহুয়া মৈত্র
বাংলার জনরব ডেস্ক : তদন্ত প্রক্রিয়ায় চলাকালীন সময়ে কোনরকম বিভ্রান্তিকর সংবাদ এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা যাবে না এই মর্মে, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। সংসদে প্রশ্ন বিতর্কে তাঁর বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তভার পেয়েছে ইডি (ED)। ইতিমধ্যেই বার দুয়েক মহুয়াকে তলব করেছে ইডি। যদিও তৃণমূল নেত্রী তাতে সাড়া দেননি। এবার মহুয়ার অভিযোগ, এই তদন্তপ্রক্রিয়ায় অনেক গোপন তথ্য প্রকাশিত হচ্ছে সংবাদমাধ্যমে। সেটা বন্ধ হওয়া উচিত।

তৃণমূল সাংসদের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর, অসত্য এবং গোপন রিপোর্ট প্রকাশ্যে চলে আসছে। যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি এতে মহুয়ার সামাজিক এবং রাজনৈতিকভাবে সম্মানহানিরও আশঙ্কা রয়েছে। ইডি এবং মোট ১৯টি সংবাদমাধ্যম যাতে কোনওরকম গোপন তথ্য প্রকাশ না করে, সেই দাবিতে আর্জি জানিয়েছেন মহুয়া। শুক্রবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানি হতে পারে।
ব্যবসায়ী বন্ধুর থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। তবে এই মামলায় এখনও কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। এসবের মধ্যেই ইডির মুখোমুখি হতে হবে তাঁকে। লোকপালের নির্দেশে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চালাচ্ছে সিবিআইও। দুই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে যাতে কোনও অপপ্রচার না হয়, আদালতে সেটাও নিশ্চিত করতে চাইছেন তৃণমূল নেত্রী।

