দিলীপ ঘোষের আর্জি খারিজ ২৪ ডিসেম্বরই হবে টেট জানাল হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : আগামী রবিবার ২৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগত্যা নির্ণায়ক পরীক্ষা বা টেট অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল । ওই দিন ব্রিগেডে প্রধানমন্ত্রী কর্মসূচি থাকায় টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । সেই এদিন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পর্ষদ নির্ধারিত দিনেই টেট হবে । তাঁরা বলেছেন, কলকাতা পুলিশকে যানজট সমস্যা দূর করতে হবে। পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা দেখতে হবে। পরিবহণ দফতরকে পর্যাপ্ত সংখ্যক বাস চালাতে হবে।
এক পরীক্ষার্থীও মামলা করেন। তিনি জানান, গীতাপাঠ কর্মসূচিতে যেতে চান। তাই টেটের দিন বদল করা হোক। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। পরিবর্তে কলকাতা পুলিশ এবং পরিবহণ দফতরকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানিয়েছে বেঞ্চ।
আগে ১০ ডিসেম্বর প্রাইমারি টেটের দিন ঘোষণা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানিয়েছিল, ওই দিন দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হবে। পরে পর্ষদ জানায়, ১০ ডিসেম্বর পরীক্ষা হবে না। পরিবর্তে পরীক্ষা হবে আগামী ২৪ ডিসেম্বর। তবে পরীক্ষার সময়ে কোনও বদল হচ্ছে না বলেই বিজ্ঞপ্তি জারি করে জানায় পর্ষদ। তবে কী কারণে এই দিন বদল, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। শুধু বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। তার পরেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। মঙ্গলবার হাই কোর্ট জানিয়ে দেয়, টেটের দিন বদল হবে না।

