তিন বছরের শিশুকে পিষে দিল গাড়ি , রাস্তায় ছটফট করে মারা গেল, পথ চলতি মানুষ দেখেও সাহায্যে এগিয়ে এলো না !
বাংলার জনরব ডেস্ক : আবাসনের বাইরে খেলা করছিল তিন বছরে আরবিনা । আবাসন থেকে বের হওয়ার সময় এক এসইউভি ওই তিন বছরের শিশু চাপা দিয়ে বেরিয়ে গেল । ছটফট করতে শিশুটি মারা গেল । সামনে দিয়ে বেশ কয়েক জন চলে গেলেও তারা যেন দেখেও দেখলো না । এই অমানবিক ঘটনাটি ঘটেছে, ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী বেঙ্গালুরু।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি সিসিটিভি ফুটেজ। যা দেখে শিউরে উঠছেন মানুষ। বেঙ্গালুরুর বেলান্দুরের একটি আবাসনে লাগানো সিসিটিভিতে দেখা যাচ্ছে, তিন বছরের আরবিনা আবাসনের সামনের উঠোনে খেলা করছে। কিছু ক্ষণ পর একটি এসইউভি বেসমেন্ট থেকে বাইরে বেরোতে গিয়ে শিশুটিকে বেমালুম পিষে দেয়। গাড়িটির পিছনের চাকা তিন বছরের শিশুটির ছোট্ট শরীরের উপর দিয়ে চলে যায়। ভ্রুক্ষেপ করেন না গাড়ির চালক। যেন কিছুই হয়নি, এমন ভাব করে বেরিয়েও যায় গাড়িটি। তখনও আরবিনা বেঁচে। কিছু ক্ষণ আপ্রাণ হাত-পা ছোড়ার পর পড়ে যায় সে। পড়ে গিয়েও ছটফট করতে থাকে। সেই সময় কয়েক জন মানুষ তার সামনে দিয়ে আবাসনের ভিতরে চলে যান। তাঁরা আরবিনাকে দেখেনও, কিন্তু স্রেফ দেখে নিজের কাজে চলে যান। অন্য দিকে, বাচ্চাটি ছটফট করতে করতে সেখানেই এক সময় মারা যায়।
আরবিনাকে প্রথমে নিমহান্স-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। সেন্ট জনস হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত করানো হয়। জানা যায়, আরবিনার মাথায় রক্তক্ষরণ হচ্ছিল। তার জেরেই মৃত্যু। পুলিশ প্রাথমিক ভাবে অস্বাভাবিক খুনের মামলা রুজু করেছিল। কিন্তু সিসিটিভি দেখার পর তারা নিশ্চিত হয়, ওই আবাসনেরই এক বাসিন্দার গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে ছোট্ট আরবিনার। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। তথ্য সূত্র : ডিজিটাল আনন্দবাজার ।

