বিশাল জনস্রোত নিয়ে রাজভবন অভিযান অভিষেকের, রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলবে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি: পূর্ব ঘোষণা মত আজ বৃহস্পতিবার বিশাল জনস্রোত নিয়ে রাজভবন অভিযান করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য এই রাজভবন অভিযান বলে জানা গেছে । অন্যদিকে কয়েকদিন আগে দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে আন্দোলনে বসেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু যন্তর মন্তর থেকে মিছিল করে দিল্লির কৃষি ভবনে গেলেও কেন্দ্রের গ্রাম উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন নি। উপরন্ত কৃষি ভবন থেকে জোর করে তৃণমূলের প্রতিনিধিদের বের করে দেয় পুলিশ। এর পরেই তেসরা অক্টোবর দিল্লি থেকে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই ঘোষণামত আজ বৃহস্পতিবার প্রায় কয়েক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে রাজভবন অভিযানে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজভবনে গেলেও রাজ্যপালের সঙ্গে তাদের দেখা হয়নি। কারণ রাজ্যপাল এখন উত্তরবঙ্গ সফরে আছেন । এর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যপাল কলকাতায় ফেরা না পর্যন্ত রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ চলবে।
এমনকি প্রয়োজন হলেও রাতেও ধর্না দেবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন ।এদিকে ২৫ জনের এক প্রতিনিধি দল রাজভবনের এক আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে ১৫ জন ভুক্তভোগী পরিবারের বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
সব মিলিয়ে একশ দিনের বকেয়া টাকা আদায়ের জন্য আন্দোলনের নামে যে নাটক চলছে তা বেশ জমে উঠেছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে রাজ্যপাল নাকি? উত্তরবঙ্গ থেকে দিল্লি চলে গেছেন। সুতরাং রাজ্যপাল যদি এই মুহূর্তে কলকাতায় না আসেন তাহলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দিয়ে সঠিক দূরদর্শী রাজনীতির পরিচয় দেননি। অন্যদিকে যদি রাজভবনের সামনে শাসকদলের নেতারা ধর্নায় বসে সেটা হবে এক নজির বিহীন ঘটনা। ফলে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

