রাজ্যসভার নির্বাচনে ছয় প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, এবার সংখ্যালঘু মুখ সামিরুল ইসলাম, ডেরেক, সুখেন্দু, দোলা তৃতীয়বারের জন্য যাচ্ছেন রাজ্যসভায়
বাংলার জনরব ডেস্ক : রাজ্যসভার নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস ছটি আসনে প্রার্থী ঘোষণা করল। আজ সোমবার সকালে টুইটারে এই প্রার্থীদের নাম দেখা গেছে। প্রার্থী হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন পাশাপাশি, উত্তরবঙ্গে ভোট সমীকরণের কথা মাথায় রেখে মনোনয়ন দেওয়া হয়েছে ওই জেলার তৃণমূল সভপতি প্রকাশ চিক বড়াইককে।
এ বার সংখ্যালঘু মুখ হিসাবে রাজ্যসভায় প্রার্থী হলেন বঙ্গ সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী সামিরুল ইসলাম ,তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে ওই তালিকায়। একটি আসনে উপনির্বাচন হবে। তবে সেই আসনে প্রার্থী কে, তা তৃণমূলের তরফে এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

আগামী অগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ছ’টি আসন খালি হচ্ছে। এ ছাড়া পদত্যাগ করায় রাজ্যসভার আরও একটি আসনে উপনির্বাচন হতে চলেছে। সেটি লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া আসন। অঙ্কের হিসাবে, সাধারণ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের পাঁচটি আসনে জয় নিশ্চিত। পাশাপাশি, উপনির্বাচনের ক্ষেত্রেও তাদের প্রার্থীর জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। এই পর্বে মেয়াদ শেষ হচ্ছে ডেরেক, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর। এঁদের মধ্যে সুস্মিতা এবং শান্তার নাম সোমবার তৃণমূলের দেওয়া তালিকায় নেই।

