প্রধানমন্ত্রীর নিশানায় মমতা সহ বিরোধী দল
বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি দলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন তীব্র ভাষায়।
তাঁর দাবি, কয়লা, টু’জি, কমনওয়েলথ কেলেঙ্কারির দুর্নীতিকে আবার দেশে ফিরিয়ে আনতেই অন্যান্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল। সেই সঙ্গে মনে করিয়ে দেন একটা সময়ে যে দলগুলি একে অপরের নিন্দা করত, আজ তারাই বিজেপিকে হঠাতে একসঙ্গে হাত মিলিয়েছে।
আজ মধ্যপ্রদেশে বিজেপি (BJP) কর্মীদের ‘মেরা বুথ মজবুত’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর মতে, “কয়লা-গরু পাচার, সারদা, রোজভ্যালি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একাধিক ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়েছে। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবেন না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বর্তমান রাজনীতিতে ‘গ্যারান্টি’র খুব গুরুত্ব রয়েছে। তবে একটা কথা বলতে পারি, বিরোধী দলগুলি শুধুমাত্র দুর্নীতির গ্যারান্টি দিতে পারে। বিরোধী ঐক্যের বৈঠকে যে নেতাদের ছবি দেখেছি, তাঁরা প্রত্যেকেই ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির প্রতিশ্রুতি দিতে পারেন। একটা সময়ে যে দলগুলি একে অপরের নিন্দা করত, আজ বিজেপিকে আটকাতে তারা হাত মেলাচ্ছে।”

