পঞ্চায়েত নির্বাচনের প্রচার উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রাক্কালে ডোমকলে সিপিএম তৃণমূল সংঘর্ষে গুলিবিদ্ধ চার
বাংলার জনরব ডেস্ক : প্রতিটা পঞ্চায়েত নির্বাচনের মতোই এবারও মুর্শিদাবাদের ডোমকল অশান্ত হয়ে উঠলো। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে এই অশান্তি হয়েছিল তা অনেকটাই ঠেকাতে পেরেছিল বাম কংগ্রেস জোট। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রচার কে ঘিরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগের দিন ডোমকলে তৃণমূল বনাম সিপিএমের সংঘর্ষে গুলিবিদ্ধ চার জন।
সংঘর্ষে উভয় পক্ষেরই চার জন আহত হয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, তাদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সিপিএমের অভিযোগ, গুলিতে তাদের এক কর্মী জখম হয়েছেন। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এ নিয়ে উত্তেজনা চরমে।
স্থানীয় সূত্রে খবর, জোতকানা এলাকায় ভোটের প্রচার করছিল সিপিএম। তৃণমূলের কর্মীসমর্থকদের অভিযোগ, সিপিএমের মিছিল থেকে তাদের উদ্দেশে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করায় বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, এর পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারামারিতে জখম হন বেশ কয়েক জন। গুলি চলারও অভিযোগ উঠেছে।
বস্তুত, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই মুর্শিদাবাদের একাধিক এলাকায় উত্তেজনা রয়েছে। মনোনয়ন পর্ব থেকেই তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ দেখা গিয়েছে। প্রায় প্রতিদিনই বোমাবাজি এবং বিস্ফোরক উদ্ধারের খবর মিলছে। সোমবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তৃণমূল সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করলেও সেই অভিযোগ নস্যাৎ করেছে বামেরা। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলেছে। এতে সিপিএম কোনও ভাবে যুক্ত নয়।

