কলকাতা 

পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আর্জিতে দ্রুত শুনানিতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর আর্জিতে এখনই কোনও সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের মতে, মামলাটি এখন সুপ্রিম কোর্টে রয়েছে। এই অবস্থায় দ্রুত শুনানির প্রয়োজন কোথায়?

বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচন মামলা নিয়ে আরও এক বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। আগামী ৭ দিন যেন নির্বাচনের দিন ঘোষণা না হয়, এই আর্জি জানিয়ে ছিলেন তিনি।

পঞ্চায়েত ভোট সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তার আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শীর্ষ আদালত। তাই কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন শুভেন্দু।

পঞ্চায়েত ভোট নিয়ে আগে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। প্রশ্ন তুলেছিলেন, রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে। গত মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই।

আদালতের পর্যবেক্ষণ, বিরোধী দলনেতার মামলার সারবত্তা থাকলেও, এই অবস্থায় কমিশনের উপরই বিষয়টি ছেড়ে দিচ্ছে হাই কোর্ট। এর পরও শুভেন্দুর কোনও বক্তব্য থাকলে তিনি কমিশনে তা জানাতে পারেন। আইন অনুযায়ী খতিয়ে দেখে কমিশনকে পদক্ষেপ করতে হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ