জামিন পেলেন অনুব্রত! তিহার যাত্রা কি সহজ হয়ে গেল?
বাংলার জনরব ডেস্ক : জামিন পেলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। শিব ঠাকুর মন্ডলের করা এফ আই আর এর ভিত্তিতে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতে অনুব্রত মণ্ডলের ৭ দিনের পুলিশ হেফাজত হয়। মঙ্গলবার এই মামলায় দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে তাঁকে জামিন দেন বিচারক।২ হাজার টাকার বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছে জামিন। ওই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি।
মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী দাবি করেন, অভিযোগকারী এবং অভিযুক্ত দু’জনেরই সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি উল্লেখ করেন, এত দিন অনুব্রত পুলিশ হেফাজতে থাকাকালীন চুপ করেছিলেন। অবশ্য সোমবার জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু কথা বলেছেন বলেও জানিয়েছেন সরকারি আইনজীবী। সেই কারণে অনুব্রতকে আরও ৭ দিন পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন করেন সরকারি আইনজীবী। মঙ্গলবার অনুব্রতের আইনজীবী অবশ্য কোনও কথা বলেননি। তিনি অনুব্রতর জন্য জামিনের আবেদন করেন। মিনিট দশেকের শুনানির পর রায় স্থগিত রাখেন দুবরাজপুর আদালতের বিচারক অরিত্রিকা দাস। এর পর তিনি অনুব্রতর জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার ওই মামলার নথিপত্র দুবরাজপুর আদালত থেকে নিয়েছে ইডি। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর। গত সোমবার তিনি অনুব্রতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। তাদের আবেদনে সায়ও দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কিন্তু শিবঠাকুরের করা এই অভিযোগের পর আপাতত অনুব্রতের দিল্লিযাত্রা থমকে যায়। সেই জল এখন কত দূর গড়ায় তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
ওয়াকিবহাল মহল মনে করছে দুবরাজপুর আদালতে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল কে দিল্লি নিয়ে যাওয়া ইডির পক্ষে সহজ হয়ে গেল।

