দলের নেতাদের কাছে অসম্মানিত হয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা তথা বীরভূম জেলা পরিষদের সদস্য বিপ্লব ওঝা, যোগ দিতে পারেন বিজেপিতে!
বাংলার জনরব ডেস্ক : দলের কাছে ব্রাত্য দলের কোন নেতা খোঁজ খবর রাখেন না, অপমানিত হয়ে দল ছাড়তে বাধ্য হচ্ছেন, এ কথাগুলো বলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিপ্লব ওঝা।
২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিপ্লব। সেই সময় তিনি ছিলেন নলহাটি পুরসভার চেয়ারম্যান। তাঁর দলবদলের পর নলহাটি পুরসভার পরিচালন ক্ষমতাও কংগ্রেস থেকে তৃণমূলের হাতে চলে যায়। ২০১২ সাল পর্যন্ত ওই পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। তার পর ২০১৩ সালে নলহাটি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিপ্লব। পরবর্তীকালে তাঁকে সংগঠনের কাজে লাগায় তৃণমূল। জেলা সহ-সভাপতি করা হয় তাঁকে। একাধারে জেলা পরিষদের সদস্য পদেও রয়েছেন বিপ্লব।
দল ছাড়া নিয়ে বিপ্লবের বক্তব্য, ‘‘আমি সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। এই সিদ্ধান্ত আমার কাছে ভীষণ দুঃখের। তবু নিতে হচ্ছে। আমি ২০০৯ সাল থেকে আজ, মঙ্গলবার পর্যন্ত তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম। আজ সাংবাদিক বৈঠক করে বলছি, আমি দল ছাড়ছি। এর পিছনে অনেক কারণ আছে।’’
এর পর দল ছাড়ার কারণের কথা বলতে শুরু করেন বিপ্লব। বলেন, ‘‘তৃণমূলের কাছে আমার আর কোনও মূল্য কিংবা গ্রহণযোগ্যতা নেই। দলীয় কর্মসূচি, বৈঠক— কোথাও আমাকে আমন্ত্রণ করা হয় না। আমার অনেক অনুগামী আছেন। শুভাকাঙ্খী আছেন। তাঁরা এ নিয়ে আমায় প্রশ্ন করেন। কিন্তু আমার কাছে এর সঠিক উত্তর নেই।’’ অসম্মানিত হয়েই তিনি তৃণমূল ছাড়লেন বলে জানান বিপ্লব।

