আন্তর্জাতিক খেলা 

Fifa World Cup 2022 : কাতার বিশ্বকাপে অঘটনা, সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কাতার বিশ্বকাপ ফুটবল ম্যাচের প্রথমেই হেরে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে মেসির দল হেরে গেল যা এককথায় বিস্ময়।যাদের ট্রফি জয়ের অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল।

এই ম্যাচের আগে আর্জেন্টিনার সঙ্গী ছিল টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল রবার্তো মানচিনির ইতালি। বলাবলি হচ্ছিল, ইতালির সেই রেকর্ড এবারের বিশ্বকাপেই ভেঙে দিতে পারে লা আলবিসেলেস্তেরা। কিন্তু প্রথম ম্যাচেই সেই সম্ভাবনা ধাক্কা খেল। বরং রেকর্ড গড়ল সৌদি আরব। ২০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের মধ্যে এই প্রথম কোনও টুর্নামেন্টের একটি ম্যাচে ২ গোল দিল সৌদি আরব।

Advertisement

লুসেইল স্টেডিয়ামে ম্যাচের শুরু দেখে অবশ্য অন্যরকম মনে হয়েছিল। মনে হয়েছিল, ফেভারিট আর্জেন্টিনা গোলের মালা পরিয়ে দেবে তুলনামূলকভাবে দুর্বল সৌদি আরবকে। ম্যাচের ২ মিনিটের মাথায় বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। যিনি আগেই ঘোষণা করে দিয়েছেন যে, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। মেসির বাঁ পায়ের মাটি ঘেঁষা শট রুখে দেন সৌদি আরবের গোলরক্ষক।

তবে আর্জেন্টিনা আক্রমণের ঝাঁঝ বেশিক্ষণ সামলাতে পারেনি সৌদির রক্ষণ। ম্যাচের ৮ মিনিটের মাথায় বক্সের মধ্যে পারাদেজ়-কে ফাউল করেন আব্দুল হামিদ। ভার প্রযুক্তি ব্যবহার করে রেফারি পেনাল্টি দেন। গোল করতে ভুল করেননি মেসি। ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর আর্জেন্টিনা মুহূর্মুহূ আক্রমণ করলেও, গোলমুখ খুলতে পারেনি। তারই মাঝে লউতারো মার্তিনেজ একটি গোল করেন। পরে ভার প্রযুক্তিতে দেখা যায়, তিনি অফসাইডে ছিলেন। গোল বাতিল হয়। লউতারোর আর একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল আর্জেন্তিনা।

৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

২ গোল হজম করে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে আর্জেন্তিনা। কিন্তু বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি। সৌদি আরব বক্সের বাইরে দুটি ফ্রি কিক পায় আর্জেন্তিনা। দুবারই লক্ষ্যভ্রষ্ট হন মেসি। ৫৯ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। আলেজান্দ্রো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ ও এঞ্জো জেরেমেইসকে নামান তিনি। তাতে আর্জেন্টিনার খেলায় ধার বাড়লেও, গোল হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ