দেশ 

দীপকে আশুতোষ গ্রেফতার হওয়ার পর ময়দানে নেহা! বদলে ফেললেন বিক্ষোভ স্থল, প্রবল চাপে দিল্লী পুলিশ!

শেয়ার করুন

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের আটক করার পর এ বার ময়দানে নেমে পড়লেন অল ইন্ডিয়া স্টুডেন্ট্‌স অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা। শনিবার বেলা ১টার পর তিনি মিছিল নিয়ে বেরিয়েছেন। বদলে ফেলা হয়েছে বিক্ষোভস্থল। যন্তর মন্তরে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে দিল্লি হাটে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নেহারা। সেই উদ্দেশেই মিছিল এগোচ্ছে। পথে একাধিক ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি হাটে জমায়েতের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তরুণ নেত্রী।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল। নেহার সেখানেই থাকার কথা ছিল। কিন্তু এই কর্মসূচিকে ঘিরে বিপুল জমায়েত ও অশান্তির আশঙ্কা করে আগেভাগেই তৈরি ছিল দিল্লি পুলিশ। শুক্রবার রাত থেকে রাজধানী শহর পুলিশে পুলিশে ছয়লাপ। রাস্তায় রাস্তায় রয়েছে ব্যারিকেড। মুম্বই থেকে সকালে দীপকে-রা দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁদের আটক করা হয়। পুলিশকর্মীরা বিমানে উঠে তাঁদের ধরে নিয়ে যান। দিকে দিকে সিজেপি নেতা, কর্মী ও সমর্থকদের আটক করা হয়েছে। বৃন্দা কারাট, পিনারাই বিজয়নের মতো বাম নেতৃত্বকেও আটক করেছে পুলিশ। যন্তর মন্তর পর্যন্ত পৌঁছোনোর কোনও রাস্তাই খালি রাখা হয়নি। এই পরিস্থিতিতে যখন মনে করা হচ্ছিল, শনিবারের কর্মসূচি থমকে যাবে, তখনই নেহা ময়দানে নামেন। সমাজমাধ্যমে ঘোষণা করেন, ‘‘দিল্লি হাটই আজকের যন্তর মন্তর। আমরা আসছি।’’শনিবারের কর্মসূচির কথা দীপকে-রা যখন প্রথম ঘোষণা করেছিলেন, তখনই জানিয়েছিলেন, যেখানে তাঁদের আটকানো হবে, সেই স্থানই যন্তর মন্তর হয়ে উঠবে। নেহা যেন সেই বার্তাই অনুসরণ করলেন। মিছিল নিয়ে বেরিয়ে নিজের ইনস্টাগ্রাম থেকে ‘লাইভ’ করেন নেহা। সেখানে দেখা যায় স্লোগান দিতে দিতে তাঁরা এগোচ্ছেন। রাস্তায় একটি ব্যারিকেড এলে তা সরিয়ে এগিয়ে যান সকলে।

অন্য দিকে, দীপকে-রা আটক হওয়ার পর সিজেপির তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করা হয়। দীপকে আগেই তা রেকর্ড করে গিয়েছিলেন। সেখানে বলেছেন, যদি তাঁকে আটক বা গ্রেফতার করা হয়, প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্দে। ধরপাকড় দেখে বিক্ষোভকারীরা যেন ফিরে না যান, অনুরোধ করেছিলেন দীপকে। নেহা মিছিল নিয়ে বেরোনোর পর দিল্লি হাট এলাকাতেও পুলিশ ধরপাকড় শুরু করেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ