ডিম ছোড়ার জন্য বিজেপির আট জনের নামে থানায় অভিযোগ করলেন মহুয়া!
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোড়া এবং কালো পতাকা দেখানোয় অভিযোগ দায়ের হল থানায়। নদিয়ার তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সমেত বিজেপির মোট আট জনের বিরুদ্ধে মেল মারফত তেহট্ট থানায় অভিযোগ করেছেন মহুয়া। পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী তদন্তও শুরু হয়ে গিয়েছে।
বুধবার তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, তাঁর যাওয়ার খবর পেয়ে সেখানে বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক জমায়েত করেন। বৈঠক শেষ করে মহুয়া দলীয় কার্যালয় থেকে বার হতেই তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে কাঁচা ডিম ছোড়া হয়। মহুয়া সমাজমাধ্যমে দাবি করেন, বিক্ষোভকারীদের না সামলে পুলিশ তাঁকেই জোর করে গাড়িতে তুলে দিয়েছিলেন। গাড়িতে বসেও তিনি বিক্ষোভের মুখে পড়েন। ওই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের উদ্দেশে মহুয়া বলেন, ‘‘দেখে যান, বুলেটের মতো ডিম খাচ্ছি।’’ বস্তুত অগস্ট মাসে মহুয়ার থানায় হাজিরা সংক্রান্ত মামলায় বিচারপতি দত্তের মন্তব্য ছিল, ‘‘রাজনীতিতে এসে ডিম ছোড়ায় ভয় কেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন।’’
বুধবারের ওই বিক্ষোভের পর ওই অবস্থাতেই পরে আরও একটি দলীয় কর্মসূচি করেন মহুয়া। তখনই তিনি অভিযোগ করেছিলেন, জনরোষ নয়, বিজেপি পরিকল্পনা করে হামলা করেছে। এর পর শাসকদলের সঙ্গে যুক্ত আট জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার সিসিটিভি এবং ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, বিজেপি নেতৃত্ব তৃণমূল সাংসদের অভিযোগ অস্বীকার করেছেন। তেহট্টের বিজেপি বিধায়ক সুব্রত কবিরাজের দাবি, ‘‘এই অনভিপ্রেত ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও কর্মী-সমর্থক জড়িত নন।’’ তাঁর বক্তব্য, ‘হিন্দু দেবদেবী’ সম্পর্কে সাংসদের ‘বিতর্কিত মন্তব্যের’ প্রতিবাদে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে গত বুধবার।

