কলকাতা 

সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেসের প্রতীক ? খাম প্রতীক পেলেন ঋতব্রত! নয়া দলের কি নাম?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেন।। এই বৈঠকের পর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং তার জোড়া ফুল প্রতীক দুটোই আপাতত ফ্রিজ করছে কমিশন। গতকাল রাতে দলের নাম এবং প্রতীক ফ্রিজ করার পর আজ শুক্রবার তুই গোষ্টিকেই তাদের দলের নাম এবং প্রতীক চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল কে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে অভিহিত করেছেন নির্বাচন কমিশন এবং তার প্রার্থীরা ফুটবল খেলোয়াড় প্রতীকে নির্বাচনে লড়াই করবেন। ‘খাম’ প্রতীকে লড়বেন ঋতব্রতের প্রার্থীরা, তাদের দলের নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।

জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ হওয়ার পর দুই শিবিরকেই নতুন নাম এবং প্রতীক বেছে নিতে বলেছিল কমিশন। সেই অনুযায়ী একাধিক নাম-প্রতীকের বিকল্প প্রস্তাব দু’তরফ থেকে কমিশনে পাঠানো হয়। তার ভিত্তিতে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তারা একটি নির্দেশিকায় জানিয়েছে, মমতার শিবির লড়বে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে। তাদের প্রতীক হবে ফুটবল খেলোয়াড়। ঋতব্রতদের শিবিরের নাম হচ্ছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তারা লড়বে খাম প্রতীকে।

মমতা তাঁর দলের তিনটি বিকল্প নাম এবং দু’টি প্রতীক কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছিলেন। প্রস্তাবিত নামগুলি ছিল— সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস, সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস এব‌ং মমতা তৃণমূল কংগ্রেস। প্রতীক হিসেবে মমতা বেছে নিয়েছিলেন ‘ফুটবল পায়ে ফুটবলার’ এবং ‘ক্রিকেট ব্যাট’। প্রথমটিতেই সায় দিয়েছে কমিশন।

ঋতব্রতদের তরফে তিনটি নাম এবং তিনটি প্রতীকের প্রস্তাব কমিশনে পাঠানো হয়। নামগুলি ছিল— জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় নামটি তাদের দেওয়া হয়েছে। এ ছাড়া, প্রতীক হিসেবে খাম, ব্ল্যাকবোর্ড এবং টর্চের প্রস্তাব দিয়েছিলেন ঋতব্রতেরা। খাম প্রতীকে তাঁদের প্রার্থীদের লড়তে হবে। মমতা শিবিরের প্রস্তাবিত নামে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঋত-শিবির তাকে কটাক্ষ করেছে।

আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভার উপনির্বাচন রয়েছে। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু তৃণমূলের দুই শিবির কোন প্রতীক বা নামে লড়বে, তা স্পষ্ট ছিল না। কমিশনের নির্দেশ সেই জল্পনাতে সিলমোহর দিল।

কমিশনের নির্দেশিকার পর ঋতব্রত জানান, প্রতীকের ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই নাম তাঁদের পছন্দের তালিকায় তৃতীয় ছিল। ঋতব্রতের কথায়, ‘‘আমাদের প্রথম পছন্দ ছিল, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় পছন্দ ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। কমিশন জানিয়েছে, প্রথম দুটো নাম কোনও কারণে দেওয়া সম্ভব নয়। প্রতীকের ক্ষেত্রে যা চেয়েছিলাম। তা-ই দেওয়া হয়েছে। কমিশনের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন তোলার জায়গা নেই। তাদের নির্দেশকে সম্মান জানাই।’’ মমতা শিবিরের নামকরণকে কটাক্ষ করে ঋতব্রত আরও বলেন, ‘‘আমাদের দলের নামে কিন্তু কোনও ব্যক্তির নাম নেই। নৈব নৈব চ। আমাদের আলোচনার মধ্যেই ছিল না কোনও ব্যক্তির নাম। গণতন্ত্রে আমরা জোর দিচ্ছি। এটা কোনও ব্যক্তিগত মালিকানার দল নয়। তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।’’

অন্য দিকে, কমিশনের নির্দেশের পরেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। পায়ে ফুটবল নিয়ে খেলোয়াড়ের পোশাক পরা নিজের ছবি দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘‘খেলা হবে। মমতাদির নামটাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেস তো তাঁরই সৃষ্টি, তাঁরই অধিকার।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ