ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে কোটি কোটি টাকার জমি প্রতারণার অভিযোগ
বাংলার জনরব ডেস্ক : আবার বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের কটনী জেলার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) নেহা পচীসিয়া। এ বার তাঁর বিরুদ্ধে কোটি টাকার জমি প্রতারণার অভিযোগে এফআইআর হয়েছে। শুধু নেহাই নয়, তাঁর দুই সঙ্গী ক্ষিতিজ রাজ এবং মারুফ আহমদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ১ কোটি ৭ লক্ষ টাকার একটি জমি ১৮ লক্ষ টাকায় বিক্রি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নেহার বিরুদ্ধে। অভিযোগকারীর নাম আকাশ লোধী। অভিযোগ, তাঁর বাবা রমেশ লোধীকে দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন নেহা এবং তাঁর দুই সঙ্গী। আকাশের বাবা খুনের অভিযোগে অভিযুক্ত। গ্রেফতারও হয়েছিলেন। তাঁকে হুমকি দিয়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। জমির দাম ঠিক হয় ১ কোটি ৭ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, ১৮ লক্ষ টাকায় সেই জমি বিক্রি করাতে বাধ্য করা হয়।
অভিযোগ, নেহা এবং তাঁর সঙ্গীরা সওয়া ২ হেক্টর জমি বিক্রি করার জন্য রমেশের উপর চাপ দিতে শুরু করেন। এমনকি জমি বিক্রি করতে রাজি না হলে জেলে ভরার হুমকিও দেওয়া হয়। বিষয়টি আইজি-র কাছে পৌঁছোয়। তিনি জবলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনু বেনিওয়ালকে নেহার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তার পরই নেহার বিরুদ্ধে এফআইআর হয়। এই প্রথম নয়, এর আগেও নেহার বিরুদ্ধে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। তার পরই নেহার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তাঁকে তিন থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ডিএসপি হওয়ার আগে বিমানসেবিকার চাকরি করতেন নেহা। সেই চাকরি ছেড়ে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নেন। সেই পরীক্ষায় পাশ করেন। ডিএসপি পদে যোগ দেন।

