ঝাড়খন্ড সীমানা সংলগ্ন বীরভূমে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম ৫০
বাংলার জনরব ডেস্ক : বীরভূমে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়খন্ডের লাগোয়া হরিপুর ও পিনারগড়িয়া গ্রামের কাছে উল্টে গেল যাত্রীবাহী বাস। এই বাসে মোট ৫০ জন যাত্রী ছিল সবাই মোটামুটি আহত হয়েছে এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।যাত্রীদের অভিযোগ, মত্ত অবস্থায় চালক বাস চালিয়েছিলেন। তাতেই এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে ঝাড়খণ্ডের আলুদোহা থেকে বীরভূমের রামপুরহাটের দিকে আসছিল। যাত্রীদের একাংশের অভিযোগ, চালক অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি যাত্রা শুরুর সময় থেকেই খারাপ ভাবে বাস চালাচ্ছিলেন। হরিপুরের কাছে এসে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার পাশে একটি জঙ্গলের মতো জায়গায় পড়ে বাসটি। জখম হন যাত্রীরা। তাঁদের মধ্যে শিশু এবং মহিলাও আছেন। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপশি গুরুতর জখমদের পাঠানো হয়েছে রামপুরহাট সরকারি মেডিক্যল কলেজে। কী ভাবে এই দুর্ঘটনা হল, তদন্ত করে দেখছে পুলিশ।

