আরজিকর কান্ড : দ্বিতীয় দফার তদন্ত তিন সপ্তাহে শেষ করতে হবে, সিবিআই-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের নতুন তদন্তকারী দলকে তদন্ত শেষ করার সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রে খবর, তিন সপ্তাহের মধ্যে ‘ফারদার ইনভেস্টিগেশন’-এর জাল গোটাতে হবে সিবিআই-কে, এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।
শুক্রবার আরজি কর মামলার শুনানি ছিল। রুদ্ধদ্বার কক্ষে সেই শুনানি হয়। আদালত সূত্রে খবর, শুনানিতে বেঞ্চের সামনে সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়ে জানায়। আরজি করের নির্যাতিতার পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই আদালতে জানিয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছে।
সিবিআই দ্বিতীয় দফার তদন্তে কী কী বিষয় খতিয়ে দেখেছে, তা তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের জন্য রাতের খাবার এনেছিলেন একজন ডেলিভারি বয়। তদন্তকারীরা ওই ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করেছেন বলে আদালতে জানায় সিবিআই। এ ছাড়াও, সে দিন রাতে কর্মরত যে চার চিকিৎসক নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আদালত সূত্রে খবর, বাকি তদন্তের কাজ শেষ করার জন্য চার সপ্তাহ সময় চায় নতুন তদন্তকারী দল। তবে আদালত তিন সপ্তাহ সময় দিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর আবার এই মামলার শুনানি হবে।
আরজি করের ঘটনার তদন্ত প্রথম শুরু করেছিল কলকাতা পুলিশ। তারাই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে (বর্তমানে দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) গ্রেফতার করে। পরে ওই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। তারা চার্জশিটে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করে এবং শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু সিবিআই বা পুলিশের তদন্তে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল নির্যাতিতার পরিবার। তারা হাই কোর্টের দ্বারস্থ হয় এবং আদালত কেন্দ্রীয় সংস্থাকে নতুন করে তদন্তের নির্দেশ দেয়। সেই অনুযায়ী নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল সিবিআই।
গত শুনানিতে সিবিআইয়ের সিট তদন্ত রিপোর্ট আদালতে জমা করেছিল। সে দিনের শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত। আদালতের বক্তব্য ছিল, পুরনো তদন্তের দ্বারা প্রভাবিত হচ্ছে নতুন তদন্তকারী দলটিও। বেঞ্চ এ-ও নির্দেশ দেয়, এই মামলার শুরুর দিন থেকে বার বার আমরা বলছি, সে দিন রাতে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত কী কী হয়েছিল, তা পুনরায় খতিয়ে দেখতে হবে। আদালতের নির্দেশের পর আরজি কর হাসপাতালেও গিয়েছিল সিবিআইয়ের দল। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

