দেশ 

বেঙ্গালুরু-মহীশূর টিপু এক্সপ্রেসের নাম বদলে কেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: মুসলিম শাসকদের নাম এবং তাদের দেওয়া জায়গার নাম বদলের হিরিক দীর্ঘদিন ধরে চলছে এটাই বিজেপি সরকারের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম বদলের পর এবার কোপ পড়েছে বেঙ্গালুরু-মহীশূর টিপু এক্সপ্রেসের (Tipu Express) প্রতি। এর নাম বদলে গেল, নতুন নাম হল ওয়াদেয়ার এক্সপ্রেস (Wodeyar Express)।

কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিম্মহা (Pratap Simha) এক্সপ্রেস ট্রেনটি থেকে টিপু সুলতানের নাম মুছে ফেলার বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন। এরপরেই রেল বেঙ্গালুরু-মহীশূর টিপু এক্সপ্রেসের নাম বদলে নতুন নাম হয় ওয়াদেয়ার এক্সপ্রেস।

এ বিষয়ে টুইট করে ওই বিজেপি সাংসদ বলেন, “শুক্রবার সুখবর এল! এবার থেকে টিপু এক্সপ্রেসের বদলে ওয়াদেয়ার এক্সপ্রেসের পরিষেবা পাবেন আপনারা।” ওই টুইটে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রহ্লাদ যোশীকে ধন্যবাদ জানান তিনি। এক্সপ্রেস ট্রেনটি থেকে টিপু সুলতানের নাম মুছে ফেলায় কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও।

উল্লেখ্য, ‘মহীশূরের বাঘ’ টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে চারবার যুদ্ধ করেন। তার বীরত্বের গাথায় সাম্প্রদায়িক রঙ ছিল না। বরং তা ছিল ভারতের গৌরবের কাহিনি। যদিও সঙ্ঘ পরিবারের দাবি, টিপু বহু মন্দির ধ্বংস, হিন্দুদের গণহত্যা এবং ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে মহীশূরের ইতিহাসে খ্যাত মহারাজা জয়চামরাজা ওয়াদেয়ার। ওয়াদেয়ার বংশ ১৩০০ শতকের শেষ থেকে ১৭৬০ পর্যন্ত ও পরে ১৮০০ সাল থেকে ১৯৫০ পর্যন্ত ক্ষমতায় ছিল। মাঝে রাজ পরিবারের তরফে সাম্রাজ্যের স্মরণে একটি ট্রেন চালু করার আরজি জানানো হয়েছিল বটে, তবে টিপুকে অসম্মান করে তাদের নামে ট্রেন চালু হোক, তা চাননি রাজ পরিবারের বর্তমান সদস্যরা।

এদিকে ট্রেনের নাম বদলে সরব হয়েছে কংগ্রেস (Congress)। তাদের দাবি, গণপরিবহণকেও সাম্প্রদায়িক মেরুকরণের হাতিয়ার করছে বিজেপি। কর্নাটক কংগ্রেসের সহ-সভাপতি মনসুর খান প্রশ্ন তুলেছেন, “কেন টিপু এক্সপ্রেসের নাম বদলে ওয়াদেয়ার এক্সপ্রেস করা হয়েছে? ট্রেনটি ৪২ বছর ধরে এই রুটে চলছে। অতীতে কেউ কখনও নাম নিয়ে মাথা ঘামায়নি। এইভাবে নাম পরিবর্তনও এক ধরনের সাম্প্রদায়িকতা।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ