কলকাতা 

গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ দেবের পর এবার অনুব্রত মণ্ডলকে তলব করলো সিবিআই , ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃনমূল সাংসদ দেবের পর এবার গরু পাচার মামলায় সিবিআই তলব করলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এর আগে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের মামলায় তৃনমূল কংগ্রেসের নেতা ও বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে  তলব করেছিল সিবিআই। তবে হাই কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে তিনি। সেই আবহে ফের অনুব্রতকে তলব করল সিবিআই। এ বার তাঁকে ডাকা হয়েছে গরু পাচারকাণ্ডের মামলায়।

আগামী ১৪ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অনুব্রতকে। বুধবারই জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তৃণমূল সাংসদ দেবকেও তলব করেছে। তাঁকে আগামী ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর ২৪ ঘণ্টার মধ্যেই তলব করা হল অনুব্রতকে। সিবিআই সূত্রে দাবি, গরু পাচারকাণ্ডে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে রাজ্যে বিধানসভা ভোটের পর বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু ওই মামলায় হাই কোর্ট অনুব্রতকে আপাতত রক্ষাকবচ দিয়েছে। পাশাপাশি তাঁকে তদন্তে সহযোগিতাও করতে বলা হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ