Uttar Pradesh: বিজেপি ছাড়ার ২৪ ঘন্টার মধ্যেই পুরনো এক মামলায় স্বামীপ্রসাদ মৌর্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা !
বাংলার জনরব ডেস্ক : গতকাল যোগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন স্বামী প্রসাদ মৌর্য। আজ বুধবার সাত বছরের পুরনো এক মামলায় স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল উত্তরপ্রদেশের আদালত। ২০১৪ সালে প্রাক্তন এই বিজেপি নেতা হিন্দু দেব-দেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানা গেছে।
২০১৪ সালে মায়বাতীর দল বিএসপি-তে ছিলেন উত্তরপ্রদেশ বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা স্বামীপ্রসাদ। সে সময়ই তিনি হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ২০১৬ সালে একটি আদালত তাঁর বিরুদ্ধে ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। স্বামীপ্রসাদের আবেদন মেনে ইলাহাবাদ হাই কোর্ট তাতে স্থগিতাদেশ দেয়।
বুধবার সুলতানপুরের একটি আদালত তাঁর বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, মামলার শুনানিতে হাজির হননি প্রাক্তন মন্ত্রী। তবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত তাঁকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক যোগেশকুমার যাদব।

