বনগাঁ থেকে চাকদহে হিরোইন বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল যুবক
দীর্ঘদিন ধরে গ্রামে যাতায়াত। সাদা কাগজের পুরিয়া ডেলিভারি দিয়েই উধাও! সন্দেহ ছিল গ্রামবাসীদের। শনিবার বিকেলে হাতে নাতে ধরেই শুরু হয় উদ্দম-মধ্যম। নদিয়ার চাকদহ থানার অন্তর্গত পুমলিয়া দাসপাড়া এলাকায় এক যুবককে গাছে বেঁধে রাখেন উত্তেজিত জনতা। অভিযোগ, এলাকায় হেরোইন বিক্রি করতে এসেছিলেন ওই যুবক। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবকের কাছ থেকে হেরোইনের পুরিয়া উদ্ধার হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় হেরোইনের কারবার চলছিল। যার জেরে এলাকার যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে সাধারণ মানুষ। তাঁদের দাবি, গত দু-তিন মাস ধরে ওই যুবক এলাকায় হেরোইন বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ৪০০ টাকা করে পুরিয়া চাকদহে ডেলিভারি দেওয়া হত বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, বনগাঁর রাজা নামে এক ব্যক্তির কাছ থেকে হেরোইন নিয়ে এসে এলাকায় বিক্রি করত ওই যুবক। দীর্ঘদিন ধরেই অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য ওঁত পেতে ছিলেন বাসিন্দারা।
শনিবার বিকেলে বাস থেকে নামতেই অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, মাদকের এই কারবারের ফলে যুবসমাজের একটা বড় অংশের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে মাদক কারবার বন্ধ করতে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মাদক সরবরাহের বিষয়টি নিয়ে পুলিশের তদন্তের পরেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

