নিরাপত্তা ও পুলিশি পদক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুনাল ঘোষ! কী বলল হাই কোর্ট?
কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। পর পর দু’দিন তাঁর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার পরেই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিধায়ক। অভিযোগ, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। আদালতের কাছে নিরাপত্তা চেয়েছেন কুণাল। তাঁর আবেদন, এই ধরনের আক্রমণ যাতে আর না-হয়, তা নিশ্চিত করুক পুলিশ। হয় তাঁকে নিরাপত্তা দেওয়া হোক, না হলে আক্রমণের ঘটনায় পুলিশ পদক্ষেপ করুক।
কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, তাঁর মক্কেল একজন নির্বাচিত বিধায়ক। পর পর দু’দিন তাঁকে আক্রমণ করা হয়েছে। এতে তাঁর প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টির দ্রুত শুনানির প্রয়োজন।
কুণালকে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি ভট্টাচার্য। কিন্তু দ্রুত শুনানির আবেদন তিনি গ্রহণ করেননি। ওই আবেদন খারিজ করে বিচারপতি জানিয়েছেন, স্বাভাবিক নিয়মেই এই মামলাটি হাই কোর্টের শুনানির তালিকায় আসবে।

