কলকাতা 

কলকাতা পুলিশের জালে আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্র, হাতিয়াড়ার ফ্ল্যাটে ভুয়ো কল সেন্টারের হদিস

শেয়ার করুন

এস রোজলিন: কলকাতা:নেমেছিল কলকাতা পুলিশ, আর তদন্তে নেমেই কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। একাধিক রাজ্যে সক্রিয় একটি বড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, নারকেলডাঙা থানার এসআই মহম্মদ আব্বাসউদ্দিন বিশ্বাসের দেওয়া একটি তথ্যের ভিত্তিতেই এই তদন্তের সূত্রপাত। ইস্টার্ন সাব-আর্বান ডিভিশনের সাইবার সেল তদন্তে নেমে জানতে পারে, ভুয়ো নথি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে সিম কার্ড তোলা হতো। পরে সেই সিমগুলি প্রতারকদের হাতে তুলে দেওয়া হতো এবং সেই সিম ব্যবহার করেই সাইবার প্রতারণার জাল বিছানো হতো।এই মামলাতেই গত ১৭ সেপ্টেম্বর তৌসিফ আলম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করেই চক্রের বাকিদের খোঁজ মেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকো পার্ক থানা এলাকার অন্তর্গত হাতিয়াড়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই সাত জনকে গ্রেফতার করা হয়।তদন্তকারীদের দাবি, ওই ফ্ল্যাটে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্র চালানো হতো। ফ্ল্যাট থেকে সাতটি মোবাইল ফোন এবং তথ্য ভর্তি বেশ কিছু খাতা উদ্ধার হয়েছে, যেখানে মূলত অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত সাত জনই অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বাসিন্দা। সুন্দর ওরফে আলি নামে এক ব্যক্তি তাদের কলকাতায় নিয়ে এসেছিল। একটি ঋণ সংস্থা অর্থাৎ MUDRA Loan-এর কর্মী সেজে অন্ধ্রপ্রদেশের বাসিন্দাদের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হতো। তদন্তে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সরানোর সূত্রও মিলেছে। সেই অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ