ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে!মৃত সামরিক কর্তা-সহ ১৪
ভয়াবহ বিমান দুর্ঘটনা কঙ্গোতে। অবতরণ করতে গিয়ে ভেঙে পড়ে একটি সামরিক বিমান। সেই ভয়াবহ ঘটনায় মারা গেলেন দুই শীর্ষস্থানীয় সেনা আধিকারিক-সহ মোট ১৪ জন। জানা গিয়েছে, কিকউইট থেকে কিনশাসা ফেরার পথে বিমানটিতে সমস্যা হওয়ায় জরুরি অবতরণের প্রয়োজন হয়। নামার সময় মাটিতে আছড়ে পড়ে বিমানটি। আগুন ধরে যায় তাতে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। বিমানটি দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট থেকে রাজধানী কিনশাসা ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে কেঙ্গেতে বিধ্বস্ত হয়। বিমানে থাকা সকলেই মারা গিয়েছেন বলে খবর। সংবাদমাধ্যম সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। রানওয়ের অভাবে আবাসিক এলাকাতেই নামতে গিয়েই ঘটে বিপদ। মাটিতে আছড়ে পড়তেই আগুন ধরে যায় তাতে। ভিডিয়োয় দেখা গিয়েছে বসতি এলাকায় টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে বিমানের ধ্বংসাবশেষ। বেশ কিছুটা এলাকা জুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘আরটি_কম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার বার ভিডিয়োটি দেখেছেন নেটাগরিকেরা। কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে এক বিবৃতিতে বলেছেন, এই দুর্ঘটনায় সামরিক বাহিনীর ১২ জন সদস্য ও বিমানের চালক এবং কর্মীরা নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ কী তা জানার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন একেনগে। কঙ্গোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ট্রাইফোন কিন-কি মুলুম্বা বলেছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত তাঁদের হাতে আসেনি।

