বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণে! সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া, চার জেলায় সতর্কতা, নিম্নচাপের প্রভাব?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভিজতে পারে কলকাতাও। তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত।
শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

