নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার! মমতা সমর্থনের কথা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে কংগ্রেস নেতা
কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন শুক্রবার। শুক্রবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নন্দীগ্রামে উপনির্বাচনে তাঁরা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। ঘটনাক্রমে তার কয়েক ঘণ্টার মধ্যে মিলনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশের একটি সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী অভিযুক্ত। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। শুক্রবার তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে মিলনকে। অন্য দিকে, শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘খাস তালুকে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগেই বিরোধী বলে কিছু রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘‘হঠাৎ করে মামলা হল! এই ভাবে একদলীয় শাসনব্যবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। বিরোধী রাজনীতি বলে কি কিছু থাকবে না এই দেশে?’’ তাঁর দলের প্রার্থীর গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন শুভঙ্কর।

