কলকাতা 

নন্দীগ্রামে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পরই কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষনা মমতার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশে দল এবং প্রতীক দুটোই হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থীও ছেড়ে চলে গেছেন প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। এই অবস্থায় আসন্ন বিধানসভার উপনির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তার দল কংগ্রেসকে সমর্থন করবে। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘সিস্টার পার্টি’, ‘স্বাভাবিক জোট’-কে তিনি সমর্থন করবেন। তবে কোনও মতেই বিজেপি-কে সমর্থন করবেন না। রেজিনগর আসনেও রয়েছে উপনির্বাচন। সেই আসন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা। আর এই ঘোষণার পাশাপাশি দলের নাম-প্রতীক হারানো নিয়ে তিনি বার বার নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। ‘পক্ষপাতদুষ্ট’ বলেও অভিহিত করেছেন।

নন্দীগ্রামে উপনির্বাচনে সঞ্চিতা দে প্রধানকে প্রার্থী করেছিল মমতার তৃণমূল। সেই মতো মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই হলদিয়ায় মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সঞ্চিতা। তার পরেই সমাজমাধ্যমে লাইভ করে মমতা জানিয়ে দেন, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন তিনি। নন্দীগ্রামে কংগ্রেসের টিকিটে লড়বেন মিলন প্রধান। রেজিনগর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।

২৯ বছর আগে এই কংগ্রেস ছেড়েই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা। জোড়াফুল প্রতীকে। কমিশনের নির্দেশে সেই প্রতীক এবং দলের নাম হাতছাড়া হয়েছে। আসন্ন উপনির্বাচনে মমতা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়— কোনও শিবিরই জোড়াফুল প্রতীকে লড়তে পারবে না। এমনকি, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামও ব্যবহার করা যাবে না। শুক্রবার দুই তরফের নাম এবং প্রতীক চূড়ান্ত হয়েছে। মমতা শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তারা লড়বে ‘ফুটবল পায়ে ফুটবলার’ প্রতীকে। ঋতব্রত তৃণমূলের নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তারা লড়বে খাম প্রতীকে।

সেই নিয়েই মমতা নিশানা করেছেন কমিশনকে। তিনি বলেন, ‘‘আজ গণতন্ত্রের ইতিহাসে কালো দিবস। যা হচ্ছে দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক, গণতন্ত্র-বিরোধী, পলিটিকালি বায়াসড। একটা রাজনৈতিক দলের স্বার্থ চরিাতর্থ করা হচ্ছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ