প্রচ্ছদ 

১৪ ই আগস্ট দেশ বিভাজন দিবস পালন করার আহ্বান রাজ্যপালের!

শেয়ার করুন

দেশভাগের ভয়াবহতাকে স্মরণ করতে ১৪ অগস্ট (শুক্রবার) রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিভাজন দিবস’ পালিত হোক! এমনটাই চান রাজ্যপাল তথা পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য আরএন রবি। রবিবার লোক ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ১৪ অগস্ট দিনটিকে ‘দেশ বিভাজন দিবস’ হিসেবে পালন করার ডাক দেওয়া হয়েছে।

লোক ভবনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশভাগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অবিভক্ত বঙ্গ। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন, প্রাণ হারিয়েছিলেন। এর ফলে বাংলার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিসরও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেখানে এ-ও বলা হয়েছে যে, ভারতের ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত হওয়া প্রয়োজন। যাঁরা দেশভাগের শিকার, তাঁদের জানার পাশাপাশি, যে সমস্ত শক্তি আমাদের মধ্যে বিভাজন ঘটাতে চায়, তাদের নিয়েও সতর্ক থাকা প্রয়োজন বলে জানানো হয়েছে সেখানে।

সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজগুলিতেও এই দিবস পালনের ডাক দিয়েছেন রাজ্যপাল।

১৯৪৭ সালের ১৪ অগস্ট আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান। বিভক্ত হয়েছিল সেই সময়ের অবিভক্ত বঙ্গ এবং পঞ্জাবও। ১৫ অগস্ট স্বাধীন হয় ভারত। স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির কথা ঘোষণা করেছে রাজ্যের বিজেপি সরকার।

আগামী সোমবার ১০ অগস্ট ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি উপলক্ষে বিশেষ পদযাত্রার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই প্রায় ১০ হাজার পড়ুয়া উপস্থিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিকাশ ভবনের তত্ত্বাবধানে গোটা পরিকল্পনা হলেও কার্যত সব দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন কলেজের সঙ্গে বৈঠক করে পড়ুয়াদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। ওই দিন সকাল ১০ টার মধ্যে আকাশবাণীর কাছে জমায়েত হবে। বেলা ১ টার পরে মিছিল শুরু হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত। যোগ দেবেন মুখ্যমন্ত্রী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ