উত্তরপ্রদেশের বুলন্দশহরে ‘এনকাউন্টার’ ধর্ষণে অভিযুক্তের, মাথার দাম ছিল ৫০ হাজার
উত্তরপ্রদেশের বুলন্দশহরে ‘এনকাউন্টার’। ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। আর সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিযুক্তের। আহত হয়েছেন পুলিশের দুই কর্মীও।
পুলিশ সুপার দীনেশকুমার সিংহ জানিয়েছেন, অভিযুক্তকে অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। শনিবার রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেইমতো পুলিশের একটি দল অভিযুক্তকে ধরার জন্য অপেক্ষা করতে থাকে। ওই রাস্তা ধরেই আসছিলেন অভিযুক্ত এবং তাঁর এক সঙ্গী। পুলিশের উপস্থিতি টের পেয়েই বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। বাইক থামাতে বলে পুলিশ। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত। তাঁর সঙ্গী পালিয়ে যান। ধর্ষণে অভিযুক্তকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তের সঙ্গীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিলেন। তাঁর সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল, গুলি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
গত ১ অগস্ট ককোড় এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

