উৎসব আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি সম্মেলন
গালিব ইসলাম : কলকাতা থেকে ১২০/৩০ কিমি দূরে এক মফস্বলি গঞ্জ কাকদ্বীপ। পরিচ্ছন্ন তকমাও দেন অনেকেই। এখানে আবৃত্তি শিক্ষণের একটি চমৎকার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তা সরেজমিনে তৃতীয় বার্ষিক সম্মেলনে না গেলে বুঝতে পারতাম না।
৭ জুন উৎসব আবৃত্তি চর্চা কেন্দ্রের তৃতীয় বার্ষিক সম্মেলনে প্রায় শতাধিক আবৃত্তিপ্রেমিক কচিকাঁচা থেকে চোদ্দ পনের বছরের কিশোর কিশোরীদের আবৃত্তি শোনার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রামাণিক আবৃত্তি সম্মেলন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করার পর আবৃত্তি সম্মেলনের সূচনা হয়।
এই শহরের শিক্ষাসংস্কৃতির পরিসরে এখনও যে নামটি শোনা যায়, তিনি হলেন ষাটের দশকের কবিদের মধ্যে অন্যতম মুখ কবি সামসুল হক।

বক্তব্য রাখছেন কবি ও আবৃত্তি শিক্ষক কবিরুল হক
জনপ্রিয় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় একদা বলতেন, আমি ব্লক উন্নয়ন অফিসার হিসেবে কাকদ্বীপকে প্রথম চাকরিস্থল হিসেবে বেছে নিই, কারণ, কাকদ্বীপে থাকেন কবি সামসুল হক। সাহিত্য সংস্কৃতির বৃত্তে কাকদ্বীপকে যুক্ত করেন কবি সামসুল হক। তিনি এখনও সমান প্রাসঙ্গিক ও একইসঙ্গে স্মরণীয়। কাকদ্বীপ ও সামসুল হক সমান সমার্থক ও সমাদরণীয়।
এদিন আবৃত্তির উপযুক্ত কবিতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল তাঁদের মধ্যে অবশ্যই কবি সামসুল হক, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, পূর্নেন্দু পত্রী, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দীপ মুখোপাধ্যায়, রতনতনু ঘাটি, অপূর্ব দত্ত এবং যোগীন্দ্রনাথ সরকার প্রমুখদের ছড়া কবিতা।
ফলতঃ সম্মেলনের একটা সুর ও রুচি অন্যতম উচ্চতায় রাখাই ছিল একমাত্র লক্ষ্য।
এখানেই বলা ভাল, বা প্রারম্ভিক ভাষণে চর্চা কেন্দ্রের যিনি অন্যতম শিক্ষক কবি ও সামসুল হক পুত্র কবিরুল হকের
লক্ষ্য হল, কবিতাচর্চা ও পাঠের গুরুত্বকে তুলে ধরতে উনি কবিতা ও তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে আবৃত্তিকে শিল্পোত্তীর্ণ করতে চান।
কবি সামসুল পুত্র কবিরুল তাঁর মনোজ্ঞ ভাষণে তা বিবৃত করেছেন। কাকদ্বীপ থেকে বেশ দূর মৌসুনি দ্বীপ থেকে, অনেকটা পথ উজিয়ে ঘন্টা আড়াই সময় নিয়ে নিয়মিত ক্লাসে আসে অনেক ছাত্র ছাত্রীরা। উকিলের বাজার কাকদ্বীপ গঞ্জ থেকে বেশ দূর। সেখান থেকেও আবৃত্তি উৎসবে এসেছে অনেক বাচ্চারা। তাদের বাবা মাদের কবিতার প্রতি আবেগ আগ্রহ থকে উৎসবে আসার ইচ্ছেটা এইসব কিশোর কিশোরীরা পেয়েছে বলে অকপট জানালো তারা।
শঙ্খমালা মিশ্র, প্রগতি জানা,পূর্বা গিরি, সায়ন্তনী মুনিয়ান, স্মৃতিকা গুচ্ছাইত, চিত্রিতা মাইতি প্রমুখ চমৎকার পরিবেশনা উৎসব মঞ্চে প্রশংসিত হয়।এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ মান্না, কবি সরদার আলিম, কাজী সাজিনা খাতুন প্রমুখ।

