বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী
স্মৃতি সামন্ত, কলকাতা : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ৭ জুন সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাইক্লিং অনুষ্ঠান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
বৈঠকে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI)-এর আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র-সহ ক্রীড়া প্রশাসনের একাধিক আধিকারিক। অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরা, পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া।
মন্ত্রী জানান, বর্তমানে দূষণ ও জীবনযাত্রাজনিত নানা সমস্যার মোকাবিলায় সাইকেল একটি কার্যকর ও পরিবেশবান্ধব মাধ্যম। তাই যুবসমাজকে আরও বেশি করে সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল বয়সের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
‘Sundays on Cycle’ কর্মসূচির আওতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ক্রীড়াবিদ, সাইক্লিংপ্রেমী এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। বিশ্ব সাইকেল দিবসের এই উদযাপনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ফিট ইন্ডিয়া আন্দোলনের বার্তা আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
আয়োজকদের দাবি, এই কর্মসূচি শুধু একটি সাইক্লিং ইভেন্ট নয়, বরং সুস্থ, সক্রিয় ও পরিবেশবান্ধব সমাজ গড়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

