প্রচ্ছদ 

রাজধানী দিল্লির হোটেলে ভয়াবহ আগুন! ঝলসে মৃত ২০!

শেয়ার করুন

দিল্লির মালব্যনগরে বুধবার সকালে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পাঁচতলা ওই হোটেলের বেসমেন্টে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টা ৫০ মিনিটে বেসমন্টে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের ঘরগুলিতে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, যে সময় হোটেলে আগুন লাগে, সেই সময় ৪০ জন ছিলেন ভিতরে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বেশির ভাগ লোকই আটকে পড়েন। তাঁদের মধ্যে কয়েক জন প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে নীচে ঝাঁপ মারেন। কিন্তু ঘরে মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২০ জনের। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়। পরে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেবানো এবং উদ্ধারকাজ শুরু করে।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। অনেকে আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে লাফ মেরেছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অনেকেই আহত। জানা গিয়েছে, হোটেলটি হওজ রানি লেনের ভিতরে। গলিটি ঘিঞ্জি এবং সরু। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোটেলে ২৫টি ঘর রয়েছে। সেখানে ৪০ জন ছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বিদেশি। চিকিৎসার জন্য ভারতে এসেছেন। যে সময় আগুন লাগে, সেই সময় সকলেই ঘুমোচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি। ফলে আগুন লাগার পরে বেরিয়ে আসতে পারেননি।

হোটেলের রাঁধুনি কেসর সিংহ জানিয়েছেন, সকাল ৮টায় তিনি রান্নাঘরে ঢোকেন। বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি তাঁর। সঙ্গে সঙ্গে তিনি সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন। কিন্তু তত ক্ষণে আগুন হু-হু করে ছড়িয়ে পড়েছিল। তিনি কোনও রকমে হোটেল থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ