বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ ও পানীয় জলের প্লান্টের উপর হামলা হবে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুলোর উপর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার এই ঘোষণার পরপরই পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান।
স্থানীয় সময় শনিবার রাতে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে পাল্টা আঘাত হানা হবে।
অর্থাৎ, বিদ্যুৎ অবকাঠামোকে কেন্দ্র করে এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও নাগরিক জীবনে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, যা দ্রুত বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। তথ্যসূত্র : আল-জাজিরা

