জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উত্তরবঙ্গের দিনহাটায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন   

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি  :  সম্প্রতি সাফল্যের সঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা শহরে সার্ক কালচারাল সোসাইটি (ভারত)-র সহযোগিতায় গত ৭ই ও ৮ই মার্চ ২০২৬, শনিবার ও রবিবার দু’দিন ব‍্যাপী দিনহাটার ‘বয়েজ রিক্রিয়েশন ক্লাব’ আয়োজিত ‘সোনারতরী’ অডিটোরিয়ামে “৯ম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন – ২০২৬” উৎসবটি সম্পন্ন হলো। বিশাল সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতার মধ্য দিয়ে দু’দিনের এই অনুষ্ঠানটি সফলতা লাভ করে। পশ্চিমবঙ্গের দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ‍্য ও বিদেশ থেকেও আগত দুই শতাধিকেরও বেশি প্রথিতযশা কবি ও সাহিত্যিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও পদচারণায় মুখরিত ছিল এই সাহিত্যের মহাযজ্ঞ।

৭ই মার্চ’২৬, শনিবার দুপুর ২-৩০ মিনিটে সম্মেলনের শুভ উদ্বোধন হয়। বর্ষীয়ান ব‍্যক্তিত্ব অসুস্থতার কারণে কলকাতা থেকে আসতে না পারায়, অনলাইনেই আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, অধ‍্যাপক, কবি ও সাহিত‍্যিক মাননীয় পবিত্র সরকার মহাশয় (কলকাতা)। উৎসবের সভাপতিত্ব করেন ডঃ রাজদীপ্ত রায় (অধ‍্যক্ষ, ময়নাগুড়ি মহাবিদ্যালয়)। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত‍্যিক মাননীয় প্রবাল কুমার বসু (কলকাতা)। প্রধান বক্তা ছিলেন অধ‍্যাপক মাননীয় আব্দুল কাফি (বাংলা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়)। এছাড়াও অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতিতে বিশিষ্ট সম্মানীয় অতিথিরা ছিলেন – সাহিত‍্যিক মাননীয় রতন কুমার ঘোষ (অসলো/নরওয়ে), সাহিত‍্যিক মাননীয় নিশিকান্ত সিনহা (ইসলামপুর/মালদা), কবি-লেখক ও চিত্রশিল্পী মাননীয় হরিশঙ্কর কুণ্ডু (কলকাতা), মাননীয় আব্দুল আওয়াল (অধ‍্যক্ষ,দিনহাটা মহাবিদ্যালয়), মাননীয় ডঃ পঙ্কজ দেবনাথ (অধ‍্যক্ষ,কোচবিহার মহাবিদ্যালয়), মাননীয়া অঙ্কিতা মুখার্জী (অধ‍্যক্ষ,ইউ.বি.টি. এণ্ড ইভিনিং কলেজ), কবি মাননীয়া মৃদুলা ভট্টাচার্য্য (শিলচর/আসাম), মাননীয় ডঃ অমল কান্তি রায় (সভাপতি,সার্ক কালচারাল সোসাইটি/ভারত), মাননীয় জগদীশ বিশ্বশর্মা (সহসভাপতি,সার্ক কালচারাল সোসাইটি/ভুটান) ও আরো অনেকে। সকল সমবেত অতিথিরা একসাথে প্রদীপ প্রজ্জ্বন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে সংস্থার উৎসব সংখ‍্যা ‘অঙ্গীকার’ পত্রিকা আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।

Advertisement

এই অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পান উত্তরবঙ্গের বিশিষ্ট সাহিত‍্যিক মাননীয় রণজিৎ দেব, সাহিত‍্যিক মাননীয় প্রমোদ নাথ, সাহিত‍্যিক মাননীয়া মিনতি দত্ত মিশ্র। শিক্ষাবিদ সম্মান পান মাননীয় বাণীকান্ত ভট্টাচার্য্য। পত্রিকা সম্পাদনা সম্মান পান মাননীয় শুভময় সরকার। সাহিত‍্যে নবীন কন্ঠস্বর সম্মান পান মাননীয় সাহানুর হক।

এছাড়াও দুদিনের সাহিত্য সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজনীতি, সাহিত্য, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি, ও কাব‍্য সাহিত‍্যে প্রাসঙ্গিকতা নিয়ে সুচিন্তিত বক্তব‍্য উঠে আসে। কবি ও লেখকরা স্বরচিত কবিতা পাঠ, গল্প ও অনুগল্প পাঠ, মননশীল আলোচনা আর সৃজনশীলতার এই মিলনমেলা দিনহাটার সাংস্কৃতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হয়।

অনুষ্ঠানের আমন্ত্রণে সাড়া দেওয়া সমস্ত গুণীজন এবং উপস্থিত সাহিত্যপ্রেমী দর্শকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে। উৎসব কমিটির সম্পাদক মাননীয় গোকুল সরকার, সভাপতি মাননীয় বিশ্বনাথ দেব এবং আয়োজক সংস্থার সম্পাদক মাননীয় অর্ঘ‍্য কমল সরকার ও সভাপতি মাননীয় সুবীর দত্ত এবং অন‍্যান‍্য সদস‍্য আজিজুল হক, মানিক সাহা, জয়দীপ সরকার ও আরো অনেকের ঐকান্তিক আয়োজনে অনুষ্ঠানটি সর্বাঙ্গিন সুন্দর হয়ে ওঠে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ