আন্তর্জাতিক 

আলি খামেনেইয়ের উত্তরসূরী বেছে নিয়ে ইরানের হুঁশিয়ারি বদলা নেবই

শেয়ার করুন

আলি খামেনেইয়ের মৃত্যুর পরে নতুন আয়াতোল্লা (সর্বোচ্চ ধর্মীয় নেতা) বেছে নিল ইরান। খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর ঘনিষ্ঠ আরাফিকে। তিনিই হচ্ছেন নতুন আয়াতোল্লা। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এত দিন তিনি ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স-এর ডেপুটি চেয়ারম্যান হিসাবে কর্মরত ছিলেন। একই সঙ্গে ইরানের শিক্ষাব্যবস্থার প্রধান হিসাবেও দায়িত্ব সামলাচ্ছিলেন।

সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের মৃত্যুর পরেও দমছে না ইরান। প্রত্যাঘাত শুরু করেছিল আগেই। এ বার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল তেহরান। জানিয়ে দিল, ‘বদলা’ তারা নেবেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানান, প্রতিশোধ নেওয়াটা ইরান নিজেদের বৈধ অধিকার এবং আশু কর্তব্য হিসাবে দেখছে এবং এই কর্তব্য পালনে কোনও খামতি রাখবে না তেহরান।

Advertisement

আমেরিকা এবং ইসরায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পরে এটিই প্রথম বিবৃতি ইরানের প্রেসিডেন্টের। খামেনেই এবং ইরানি প্রশাসনের শীর্ষ কর্তাদের নিশানা করেই শনিবার হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। ওই হামলাতেই মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজ়াদা, সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি এবং এক সেনা কমান্ডারেরও মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর পরে এ বার আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পেজ়েশকিয়ান। খামেনেই এবং অন্য শীর্ষ আধিকারিকদের মৃত্যুর ‘বদলা’ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার এবং কর্তব্য’ বলে দাবি করেছেন তিনি।

খামেনেইয়ের মৃত্যুর পরে শোকবার্তায় পেজ়েশকিয়ান বলেন, “যাঁরা এই ঐতিহাসিক অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং ন্যায়বিচার পাওয়াকে আমরা নিজেদের কর্তব্য এবং বৈধ অধিকার বলে মনে করছি। এই মহান কর্তব্য পালন করতে আমরা নিজেদের সকল শক্তি লাগিয়ে দেব।” বস্তুত, খামেনেই পরবর্তী আমলে ইরানকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজ়া আরিফও। সকল মন্ত্রী এবং গভর্নরদের যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি থাকতে বলেছেন তিনি। ইরানের প্রশাসন পরিচালনায় যাতে কোনও সমস্যা না হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ