আইপ্যাক মামলার শুনানি আজও হল না শীর্ষ আদালতে! রহস্য? কবে হবে শুনানি?
আজ বুধবারও সুপ্রিম কোর্টে হল না আইপ্যাক মামলার শুনানি। হলফনামা দাখিলের জন্য সময় চাইল ED। সলিসিটর জেনারেল বুধবার আদালতে আর্জি জানান, ED-র হলফনামা তৈরি হয়ে গেলেও, এখনও অফিসিয়ালি ফাইল করা হয়নি, তাই যেন শুনানির জন্য অন্য দিন দেওয়া হয়। তখন পরবর্তী দিন দেওয়া হয় ১৮ মার্চ। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় ১০ ফেব্রুয়ারির শুনানি পিছিয়ে আজ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর হলফনামার জবাবে সুপ্রিম কোর্টে ED কী বলে, সেদিকেই নজর ছিল সবার। কিন্তু, এদিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতিদের জানান, ED-র তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেলেও সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনও অফিসিয়ালি ফাইল করা হয়নি। কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। এরপর বিচারপতি সব পক্ষের কাছে জানতে চান, মামলার পরবর্তী শুনানির দিন তাহলে কবে হবে? তখন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সিংহভাগ আইনজীবীই দোলের পরে দিন দেওয়ার জন্য বলেন। সেইমতো ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়।

এদিন শুনানির শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাল্টা অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, এজেন্সিকেই সন্ত্রস্ত করা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানি শেষে বাইরে বেরিয়ে বলেন, ED অর্থমন্ত্রকের আওতাধীন কেন্দ্রীয় সরকারেরই একটি অঙ্গ। এভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কি না, তা নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে ইতিমধ্যেই একটি মামলা চলছে। এতই সিরিয়াস হলে, ED আজ হলফনামা দিয়ে মামলা শুনল না কেন, সে প্রশ্নও তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ED এনিয়ে আর মামলাই করতে চাইছে না।
গত ৮ জানুয়ারি কলকাতায় কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় I-PAC এর অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির মধ্যেই সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে আসেন, ফাইল ও কিছু নথি নিয়ে। মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে নথি ছিনতাইয়ের অভিযোগ তুলে ইডি সুপ্রিম কোর্টে যায়
।

