উচ্চ-মাধ্যমিক সেমিস্টার-4 গণিত – শেষ মুহূর্তের প্রস্তুতি/ নায়ীমুল হক
*উচ্চ-মাধ্যমিক সেমিস্টার-4 গণিত – শেষ মুহূর্তের প্রস্তুতি*

নায়ীমুল হক

দিন পেরোলেই ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারের অংক পরীক্ষা। যেহেতু এবার নতুন ফরম্যাটে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা প্রথমবার, তাই অনেকেই দীর্ঘদিন চিন্তার মধ্যে ছিল– প্রশ্নপত্র কেমন হবে, প্রশ্নপত্রের ফরম্যাট কেমন হবে, এসব নিয়ে।
অবশ্য কাউন্সিলের মডেল প্রশ্নপত্র প্রকাশের পর সেই ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া ইতিমধ্যে হয়ে গিয়েছে কয়েকটা পরীক্ষাও। ফলে প্রাথমিক সেই ধন্দ আর নেই। তবে যেহেতু বিষয়টি অংক, তাই স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মনে চাপা উত্তেজনা।
আসলে কিন্তু এই উত্তেজনারও কোনো কারণ নেই। এসো একটু, খুঁটিয়ে দ্যাখা যাক।দ্যাখো, তোমরা ইতিমধ্যে যে প্রস্তুতি নিয়েছো তা কিন্তু যথেষ্ট, অযথা চিন্তা করো না। একটু সময় ধরে সাজিয়ে নিলেই হবে। দেখবে, আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে পারছো। সকাল দশটায় শুরু, প্রথম থেকেই গ্রিপের মধ্যে নিতে হবে অঙ্ক পরীক্ষা।
দু’ঘণ্টার অংক পরীক্ষা, পূর্ণমান কিন্তু 40, প্রথম থেকেই মিনিট টু মিনিট তাড়া করে সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারাটাই হল প্রশ্নপত্র গ্রিপে রাখার মুখ্য চাল।
সুতরাং প্রশ্নপত্রের পরিকাঠামো অনুযায়ী সময় মেপে কিভাবে চলবে তা আগে অর্থাৎ এখনই ঠিক করে নেয়াটা বুদ্ধিমানের কাজ। তাহলে এবার আসা যাক প্রশ্নপত্র পরিকাঠামোর কথায়, অবশ্য তোমরা নিশ্চয় ইতিমধ্যেই বিষয়টা নিয়ে অনেক সড়গড় হয়েছো। তবু আরো একবার বলছি মিলিয়ে নাও।
অংক প্রশ্নে থাকবে তিনটি বিভাগ– A , B, C.
A বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্কস। ছটি অধ্যায়–ভেক্টর, থ্রি ডাইমেনশনাল জ্যামিতি, ইন্টিগ্রেশন, এপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম; এগুলির প্রতিটি থেকে একটা করে করতে হবে, থাকবে দুটি করে অংক। মোট নম্বর 12.
B গ্রুপের জন্যও টোটাল মার্কস 12, এখানে প্রশ্ন থাকবে– ভেক্টর, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং লিনিয়ার প্রোগ্রামিং। প্রতিটি প্রশ্নের মান তিন। মোট প্রশ্ন করতে হবে তিনটি, প্রতিটির জন্য অল্টারনেটিভ অংক পাবে।
এবার আসি সর্বশেষ C গ্রুপের কথায়। এখানে থ্রি-ডাইমেনশনাল জ্যামিতি থেকে দুটো অংক করতে হবে, থাকবে চারটি। ইন্টিগ্রেশন থেকে করতে হবে একটি, দেওয়া থাকবে দুটি অংক, আর থাকবে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন থেকে। এখান থেকে একটি করতে হবে, দেওয়া থাকবে দুটি। এই গ্রুপে প্রতিটি অংকের মান চার করে। এই গ্রুপে মোট নম্বর 16.
শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেওয়ার জন্য বলব– সমস্ত ধরনের ইন্টিগ্রেশন অনুশীলন করে যেও, বিশেষ করে স্পেশাল ফর্মের অঙ্ক আর ডেফিনেট ইন্টিগ্রেশন এর প্রপার্টিগুলো ভালো করে মনে রাখতে হবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হোমো জিনিস লিনিয়ার ভালো করে করলেই হবে। লিনিয়ার প্রোগ্রামিং এর কতগুলো সংজ্ঞা ভালো করে দেখে যেও যেমন অপটিমাল সলিউশন, নো সলিউশন ইত্যাদি। দুটি ভেক্টর এর মধ্যে কোণ নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, রম্বসের কর্ণ, থ্রি ডাইমেনশনালে দুটি লাইন সমান্তরাল, লম্ব হবে কখন, লম্ব দূরত্ব, ইমেজ ডিসটেন্স ইত্যাদি অংকের কনসেপ্ট ঠিক থাকলে ভেক্টর ও থ্রি ডাইমেনশনাল অঙ্কে সম্পূর্ণ নম্বর আসবে।
তোমরা এবার নিজেদের মতো করে ভেবে নাও কোন সময় কোন কাজটি করবে। একদম দাগ নম্বর ধরে ধরে। বিশেষ কোন একটি অংক না হলে চিন্তিত হয়ে না জায়গা রেখে পরেরটার জন্য চলে যাও এবং যেগুলি ভালো জানো সেগুলি আগে আগে করে ফেল। নিশ্চিত ভাবে বলা যায়, মাথা ঠান্ডা রেখে, সময় ধরে অংক করতে পারলে পরীক্ষা ভালো হবে। সকলের জন্য রইল শুভেচ্ছা।

