জেলা 

গণিপুর হাইস্কুলে বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ,: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার গণিপুর হাই স্কুলে (উ.মা.) সরস্বতী পূজা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এই বছর প্রদর্শনীটি ৩২তম বর্ষে পদার্পণ করে। এটি বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষাসাধনার এক গৌরবোজ্জ্বল ধারাবাহিকতাকে সুদৃঢ়ভাবে বহন করে। প্রদর্শনীটি ২২ ও ২৩ জানুয়ারি, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় এক মর্যাদাপূর্ণ উদ্বোধনী সভার মাধ্যমে, যেখানে বহু বিশিষ্ট ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের উপস্থিত ছিলেন। এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বর্তমান সভাপতি ডক্টর পল্লব কুমার দত্ত মহাশয়ের প্রাণবন্ত বক্তৃতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা মাননীয় চিত্রালি কুন্ডু মহাশয়া উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত ছিলেন ড. পার্থ কর্মকার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় ডেপুটি সেক্রেটারি। তিনি প্রদর্শনী পরিক্রমা করে শিক্ষার্থীদের নির্মিত বিজ্ঞানভিত্তিক ও শিল্পনির্ভর মডেলসমূহ গভীর মনোযোগ ও আন্তরিক আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসু মানসিকতা ও মননশীলতার ভূয়সী প্রশংসা করেন।

Advertisement

পরবর্তীতে বিদ্যালয়ের সভাগৃহে প্রদত্ত ড. কর্মকারের সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য সমবেত শ্রোতৃমণ্ডলীর মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং সমগ্র অনুষ্ঠানের গৌরব ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে। এই প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল প্রতিভা ও জ্ঞানান্বেষণের প্রবণতা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিকভাবে অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষাজীবনে এক স্মরণীয় ও সফল সংযোজন হয়ে ওঠে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ