আইপ্যাক কাণ্ডে ইডি ও সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর স্বয়ং মমতার
আইপ্যাক দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার বিরুদ্ধে এ বার পুলিশের দ্বারস্থ হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’টি পৃথক থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে। ইডি এবং সিআরপিএফের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন মমতা।
আইপ্যাক তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। বৃহস্পতিবার সকালে লাউডন স্ট্রিটে ওই সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে হানা দেয় ইডি। একটি দল যায় সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরেও। শেক্সপিয়র সরণি থানার পুলিশ শুক্রবার সকালে লাউডন স্ট্রিটে গিয়েছিল। সেখান থেকে আগের দিনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্রে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছিল লাউডন স্ট্রিট এবং সল্টলেকে। বেলার দিকে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী স্বয়ং। প্রথমে প্রতীকের বাড়ি এবং পরে আইপ্যাকের দফতরে তিনি ঢোকেন এবং ইডির অভিযান চলাকালীনই ভিতর থেকে ফাইল, নথিপত্র, ল্যাপটপ বার করে আনেন। দাবি করেন, তাঁর দলের রাজনৈতিক ও নির্বাচনী কৌশল চুরি করেছে কেন্দ্রীয় সংস্থা।
শুক্রবার শেক্সপিয়র সরণি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, তাতেও এই ধারাগুলি রয়েছে। অজ্ঞাতপরিচয় কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, না-বলে জিনিস নিয়ে নেওয়া বা চুরি এবং ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে।

