কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিকে
বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। শুক্রবার রাতে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলাদেশের জাতীয় কবি নজরুলের সমাধি রয়েছে। তা ছাড়াও একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাধিস্থ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট চত্বরে। এ বার সেখানে স্থান পাবেন হাদি।
বিবিসি বাংলা জানিয়েছে, হাদিকে নজরুলের পাশে সমাধিস্থ করার আর্জি জানিয়েছিল তাঁর পরিবার। এ ছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কাছ থেকে চিঠি পান কর্তৃপক্ষ, সেখানেও অনুরূপ আর্জি জানানো হয়। এ বিষয়ে শুক্রবার রাতে জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। অনলাইন মাধ্যমের সেই বৈঠকেই হাদির সমাধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরের নিরাপত্তা নিয়েও চিন্তিত কর্তৃপক্ষ।

গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। টানা ছ’দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মেনেছেন। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। কিন্তু বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে।
হাদির স্মৃতি সম্মান জানাতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুপুর ২টো নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় হাদির জানাজা সম্পন্ন হবে। তার পর দেহ পাঠানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থল প্রস্তুত করা হবে। শুক্রবার সন্ধ্যাতেই সিঙ্গাপুর থেকে হাদির দেহ ঢাকায় পৌঁছেছিল।

