আন্তর্জাতিক 

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে গোহারা হার, দুই প্রাদেশিক গভর্নর নির্বাচনেও ট্রাম্পের প্রার্থীরা হেরে গেল!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে শোচনীয়ভাবে হেরে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের প্রার্থী। প্রখ্যাত পরিচালক মীরা নায়ারের পুত্রের কাছে ট্রাম্পের প্রার্থী দশ শতাংশের কম ভোট পেয়েছেন। কার্যত জমানত রক্ষা করতে পারেনি ট্রাম্পের প্রার্থী।

ডেমোক্র্যাটিক শিবিরের ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর সামনে দাঁত ফোটানোর সুযোগ পেলেন না ট্রাম্পের প্রার্থী কুর্টিস স্লিওয়া। মেয়র নির্বাচনে স্লিওয়া ভোট পেয়েছেন ১০ শতাংশেরও কম। মাত্র ৭.১ শতাংশ (মোট ভোটের ৯১ শতাংশ গণনার হিসাবে) ভোট জুটেছে ট্রাম্পের প্রার্থীর। ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনেও হেরেছেন ট্রাম্পের দলের প্রার্থীরা।

Advertisement

নিউ ইয়র্কের নির্বাচনে লড়াই হয়েছে বটে। তবে ট্রাম্পের প্রার্থী শুরু থেকেই সেই লড়াই থেকে ছিটকে গিয়েছেন। লড়াই হয়েছে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে। এক জন ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী— ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। অপর জন ডেমোক্র্যাট নেতা অ্যান্ড্রু কুয়োমো। তিনি নিউ ইয়র্ক প্রদেশের প্রাক্তন গভর্নর। এ বারের নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে (যেখানে একই দলের দুই বা তার বেশি প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়) মামদানির কাছে পরাজিত হন তিনি। পরে নির্দল প্রার্থী হয়ে মেয়র পদের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত দেখা গেল মামদানি এবং কুয়োমোর মধ্যেই লড়াই হল নির্বাচনে।

ডেমোক্র্যাটিক শিবিরের মনোনীত প্রার্থী মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট। নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা কুয়োমো পেয়েছেন ৪১ শতাংশের বেশি ভোট। সেখানে ট্রাম্পের প্রার্থী স্লিওয়া ভোট পেয়েছেন সাত শতাংশের আশপাশে। আমেরিকার পাঁচটি কাউন্টি নিয়ে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল গঠিত— ম্যানহ্যাটেন, ব্রুকলিন, কুইনস, ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ড। মেয়র পদের নির্বাচনে দেখা গেল, পাঁচটির কোনওটিতেই বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্লিওয়া। চারটি কাউন্টিতেই লড়াই হয়েছে দুই ডেমোক্র্যাট নেতার মধ্যে। শুধুমাত্র স্টেটেন আইল্যান্ডে একতরফা এগিয়ে ছিলেন নিউ ইয়র্ক প্রদেশের প্রাক্তন গভর্নর। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছেন মামদানি।

ট্রাম্পের প্রার্থী স্লিওয়ার সবগুলি কাউন্টিতেই শোচনীয় ফল হয়েছে। তিনি ম্যানহ্যাটেনে ৩.৪ শতাংশ, ব্রুকলিনে ৪.৯ শতাংশ, ব্রঙ্কসে ৭.১ শতাংশ এবং কুইনসে ৯.৭ শতাংশ ভোট পেয়েছেন। কেবল স্টেটেন আইল্যান্ডেই শতাংশের হিসাবে দুই অঙ্কের ঘরে পৌঁছোতে পেরেছেন তিনি। সেখানে পেয়েছেন ২১.৩ শতাংশ ভোট।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময়েও নিউ ইয়র্ক সিটি থেকে বিশেষ সুবিধা করতে পারেননি ট্রাম্প। এই পাঁচ কাউন্টির মধ্যে একমাত্র স্টেটেন আইল্যান্ড থেকেই ৬৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন তিনি। বাকি চারটি কাউন্টিতে ট্রাম্প ভোট পেয়েছিলেন ৫০ শতাংশের কম (ব্রুকলিনে ২৮ শতাংশ, ম্যানহ্যাটেনে ১৮ শতাংশ, কুইনসে ৩৮ শতাংশ, ব্রঙ্কসে ২৭ শতাংশ)। এ বার এক বছরের মধ্যে মেয়র নির্বাচনে দেখা গেল সবগুলি কাউন্টিতেই ভোট শতাংশ আরও কমেছে ট্রাম্পের দলের।

শুধু নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেই নয়, নিউ জার্সি এবং ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনেও পরাস্ত হয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। নিউ জার্সিতে ট্রাম্পের দলের প্রার্থী জ্যাক সিয়াটারেলি পেয়েছেন ৪৩.২ শতাংশ ভোট (মোট ভোটের ৯৭ শতাংশ গণনার হিসাবে)। ভার্জিনিয়ায় রিপাবলিকান প্রার্থী উইনসম এরলিসির পেয়েছেন ৪২.৩ শতাংশ ভোট (মোট ভোটের ৯৫ শতাংশ গণনার হিসাবে)। এই দুই প্রদেশেও গভর্নর পদের নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়েও এই দুই প্রদেশে হারতে হয়েছিল ট্রাম্পকে। গত বছর দুই প্রদেশ থেকেই ট্রাম্প পেয়েছিলেন প্রায় ৪৬ শতাংশ ভোট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ