সোমবার সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি! গ্রেফতার ১
বাংলার জনরব ডেস্ক : কলকাতার হরিদেবপুর এলাকায় এক মহিলাকে লক্ষ্য করে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ গুলি চালালো দুই যুবক। ওই মহিলাকে আশংকা জনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম মৌসুমি হালদার। ৩৮ বছর বয়সি ওই মহিলা এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে হরিদেবপুরের কালীপদ মুখার্জী রোডে বাইকে চেপে এসে দুই যুবক ওই মহিলাকে পিছন দিক থেকে গুলি করেন। পিঠে গুলি লাগার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন মৌসুমি। স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের সদস্যেরা মৌসুমিকে হাসপাতালে ভর্তি করান।

কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। পুরনো শত্রুতার জেরেই মৌসুমির উপর গুলি চালানো হল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে যুবক গুলি চালিয়েছেন, সেই যুবক ওই মহিলার পূর্বপরিচিত। সম্পর্কের টানাপড়েন থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। তবে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় বাবলু ঘোষ নামের বছর ত্রিশের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

