ছোটদের প্রতিভা আমাদের আশার আলো দেখায়– বেঙ্গল চাইল্ড ইনস্টিটিউটে মজার অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : গত শুক্রবার শিশুদের নিয়ে নানারকম মজার অনুষ্ঠান দিয়ে ভরিয়ে রেখেছিল উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার অন্বেষণ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ছোট ছোট খেলার মাধ্যমে গণনা শেখা, শব্দভাণ্ডার বাড়ানোর খেলা, বাংলা-ইংরেজি বানান নিয়ে মজার খেলা, প্রশ্ন ও উত্তর করার মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে শেখা– এক কথায় শিশুর সার্বিক বিকাশের গতি যেন ছন্দ না হারায়, সেটা দেখাই ছিল এদিনের মুখ্য বিষয়।
শিশুদের নিয়ে আনন্দমুখর এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের অতিথিবৃন্দ। তাঁরাও তৃপ্ত শিশুদের নিয়ে এধরণের আয়োজনে। অতিথিদের মধ্যে এসেছিলেন তরুণ শিক্ষিকা রুমি, আনুষা, মাসুমা সহ বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা প্রমুখ। তাঁরা প্রত্যেকেই স্কুলের সপ্রতিভ শিশু ও উৎসাহী শিক্ষিকাদের সঙ্গে সারাদিন কাটাতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের কথায় উঠে আসে প্রতিটি শিশুর মধ্যে বিপুল সম্ভাবনার কথা, যা সঠিক যত্ন ও দিক-নির্দেশনায় পরিপুষ্ট ও বিকশিত হতে পারে। তাঁরা জোর দিয়ে বলেন, শৈশবকাল অতি গুরুত্বপূর্ণ, এই সময়েই গড়ে ওঠে মানসিক,শারীরিক ও সৃজনশীল প্রতিভার ভিত। তাই শিশুর সার্বিক বিকাশে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর মতো ছোটদের প্রতিটি স্কুলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


