অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু!
বিশেষ প্রতিনিধি : একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্টের পরিস্থিতি। অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, অন্তত ৯ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কী থেকে হুড়োহুড়ি শুরু হল, কেন এই বিপর্যয়, এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, একাদশীর পুজো দিতে একই সময়ে এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘বেঙ্কটেশ্বর মন্দিরের পদপিষ্টের ঘটনায় আমি স্তম্ভিত। ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত, তাঁদের দ্রুত উদ্ধার এবং চিকিৎসার বন্দোবস্ত করা হবে। সংশ্লিষ্ট কর্মচারীদের সেই নির্দেশ দিয়েছি। স্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। দ্রুত উদ্ধারকাজ যাতে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা হবে।’’
একাদশীতে বেঙ্কটেশ্বর মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। শয়ে শয়ে ভক্ত পুজো দিতে গিয়েছিলেন। অধিকাংশই ছিলেন মহিলা। সমাজমাধ্যমে ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মহিলারা ভিড়ের মধ্যে হাতে পুজোর ডালি নিয়ে কী ভাবে ধাক্কাধাক্কি করছেন। প্রাণে বাঁচতে ভিড় থেকে বেরোনোর চেষ্টা করছেন সকলে। অনেকে পড়েও যাচ্ছেন।

