দেশ 

আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ জানালেন হাসিনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে উষ্মাপ্রকাশ করেন হাসিনা। জানান যে, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না। বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। জানিয়েছেন, যে দলের নেতৃত্বেই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না-দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। রয়টার্স জানিয়েছে, আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। এখন যা পরিস্থিতি, তাতে তাঁরা ভোট দেবেন না। আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাড়তে পারেন না।” হাসিনা জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে সমর্থন করতে বলবেন না। তবে আওয়ামী লীগ নেত্রীর আশা, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য যে, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা।

Advertisement

গত বছর বাংলাদেশে ‘জুলাই আন্দোলন’-এর সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হন হাসিনা। তাঁর বিরুদ্ধে বিরোধীদের গুম করা এবং অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি মামলায় আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণা হওয়ার কথা।

বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে হাসিনা বলেন, “যত দিন দেশে বৈধ সরকার থাকবে, সাংবিধানিক ব্যবস্থা এবং আইনের শাসন থাকবে, তত দিন পর্যন্ত তিনি দেশে ফিরতে ভালবাসবেন।” বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ সরকার বা বিরোধী হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে জানান হাসিনা। তবে দলের নেতৃত্বে তাঁর হাতে থাকা আবশ্যক নয় বলে জানিয়েছেন তিনি। হাসিনা বলেন, “এটা আমার বা আমার পরিবারের বিষয় নয়। কোনও এক জন মানুষ বা দল আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারেন না।” প্রসঙ্গত, গত বছর হাসিনার পুত্র সজীব ওয়াজ়েদ জয় রয়টার্সকে জানিয়েছিলেন, যদি বলা হয়, তা হলে আওযামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি তিনি ভেবে দেখবেন।

জনবিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনাঘাঁটিতে চলে আসেন হাসিনা। আপাতত ভারতেই সাময়িক আশ্রয়ে রয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ