দেশ 

কফ সিরাপ খেয়ে শিশু মৃত্যু, দু’বছরের কম বয়সি শিশুদের কফ সিরাপ লেখা যাবে না চিকিৎসকদের নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ১৪দিনের মধ্যেই কফ সিরাপ খেয়ে নয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রদেশ শুধু মধ্যপ্রদেশ নয় রাজস্থান থেকে এসেছে দুই জন শিশুর মৃত্যু খবর এবং ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার ‘কোল্ডরিফ’ নামের ওই সিরাপটিকে নিষিদ্ধ করেছে ওই রাজ্যে। সেই সঙ্গে বাজার থেকে ওই সিরাপের সমস্ত বোতল সরানোর নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার।

দক্ষিণী রাজ্যের খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় ওই সিরাপ প্রস্তুতকারী কারখানাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে পাঠানো হত সিরাপগুলি। নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে। দেখা হবে ওই ওষুধে সত্যিই ‘ডাইথিলিন গ্লাইকল’ নামের বিশেষ রাসায়নিকটি আছে কিনা। এদিকে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে ২ বছরের কমবয়সিদের কোনওভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না।

Advertisement

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ছিন্দওয়ারাতেই ৯ শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ছিন্দওয়ারায়। জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করা হয়েছে তাঁরা যেন জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা না করেন। ১৯টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে রাজস্থান সরকার। পরিবার সূত্র জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। আরও ১০ জন শিশু এই কফ সিরাপ খেয়ে গুরুতর অসুস্থ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ