নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল যেসব দেশ
বাংলার জনরব ডেস্ক : গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সঙ্গে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি সভা বয়কট করে।

এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি।
বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর প্রবেশের সঙ্গে সঙ্গে ৫০টিরও বেশি দেশের ১০০ জনেরও বেশি কূটনীতিক হল থেকে বেরিয়ে যান। যারা চেয়ারে বসে ছিলেন তাদের অনেককে হাততালি দিয়ে উদ্যাপন করতে দেখা যায়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেননি, তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও।

