কলকাতা 

পঞ্চমীর সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেহালায় মারা গেল এক বৃদ্ধা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার পঞ্চমীর সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়।দোকানের শাটার খুলতে গিয়ে তিনি তড়িদাহত হন বলে খবর। সেই সময় রাস্তায় জমে ছিল জল। জমা জলের উপর দাঁড়িয়েই তিনি দোকানের শাটার খোলার চেষ্টা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শ্রাবন্তী দেবী। সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা তিনি। সকাল সাড়ে ৭টা নাগাদ দোকান খুলতে গিয়েছিলেন। কিন্তু দোকানের শাটার তুলতে পারেননি। ধাতব শাটারে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা পুলিশ এবং এলাকায় বিদ্যুৎ বন্টনকারী সংস্থা সিইএসসি-কে খবর দেন। তারা ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে। তাঁকে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সিইএসসি-র বক্তব্য, দোকানের ছাদের টিনের শেডে একটি আলো লাগানো হয়েছিল। সেই আলোর তার ঠিকমতো ছিল না। বিদ্যুৎবাহী সেই তারের কারণেই বৃদ্ধা তড়িদাহত হয়েছেন। ঘটনাস্থল খতিয়ে দেখার পর এ কথা জানিয়েছেন সিইএসসি কর্তৃপক্ষ।

গত সোমবার রাতে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। মঙ্গলবার সকাল থেকে শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন ছিল। বৃষ্টি এবং জমা জলের বলি হয়েছেন মোট ১০ জন। নেতাজিনগরে এক ফলবিক্রেতা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ি থেকে মাত্র ৭০০ মিটার দূরে মৃত্যু হয় তাঁর। জমা জলে দাঁড়িয়ে রাস্তার লাইটপোস্টে হাত দিয়েছিলেন তিনি। ওই ফলবিক্রেতার সঙ্গে একটি কুকুরও মারা যায় একই ভাবে। দু’টি নিথর দেহ দীর্ঘ ক্ষণ জলমগ্ন রাস্তায় পড়ে ছিল। পরে সিইএসসি এবং দমকল পৌঁছে দেহ উদ্ধার করে। সমাজমাধ্যমে সেই দৃশ্য দেখে শিউকে উঠেছিলেন অনেকেই। তার রেশ কাটতে না কাটতেই আবার অনুরূপ ঘটনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ